Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রেকর্ড গড়ে চতুর্থ রাউন্ডে জোকার

নেদারল্যান্ডসের বোটিক ভন দা জান্ডস্কাল্পকে স্ট্রেট সেটে উড়িয়ে র‌্যাকেট তুলে নিলেন কাঁধে। বাগিয়ে ধরলেন বেহালার ভঙ্গিতে। এরপর ভায়লেন সেলিব্রেশনে মাতলেন নোভাক জকোভিচ।

রেকর্ড গড়ে চতুর্থ রাউন্ডে জোকার
  • ২৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০

মেলবোর্ন: নেদারল্যান্ডসের বোটিক ভন দা জান্ডস্কাল্পকে স্ট্রেট সেটে উড়িয়ে র‌্যাকেট তুলে নিলেন কাঁধে। বাগিয়ে ধরলেন বেহালার ভঙ্গিতে। এরপর ভায়লেন সেলিব্রেশনে মাতলেন নোভাক জকোভিচ। না, শুধুই অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে ওঠার আনন্দ নয়। জোড়া নজির গড়ার তৃপ্তিও রয়েছে যে! শনিবারের গ্র্যান্ড স্ল্যামে ৪০০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন জোকার। পাশাপাশি অস্ট্রেলিয়ান ওপেনে ১০২টি জয় ছিনিয়ে নিয়ে রজার ফেডেরারের সঙ্গে একাসনে বসলেন সার্বিয়ান মহাতারকা। প্রাক্তন সুইস তারকা এতদিন একাই ছিলেন মহার্ঘ সেই সিংহাসনে। এবার তাতে ভাগ বসালেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। আর একটা জয়ে একদা প্রতিদ্বন্দ্বীকে ছাপিয়ে যাবেন জকোভিচ।

Advertisement

মেলবোর্ন পার্কে শনিবার আকর্ষণের কেন্দ্রে ছিলেন চতুর্থ বাছাই সার্বিয়ান মহারথী। অখ্যাত জান্ডস্কাল্প মরিয়া চেষ্টা চালালেও আটকাতে পারেননি স্ট্রেট সেটে জোকারের জয়। ম্যাচের ফল ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪)। কোর্ট ছাড়ার আগে জকোভিচ বলেন, ‘রেকর্ডের কথা মাথায় নিয়ে কখনও কোর্টে নামি না। তবে সেটা হয়ে গেলে তৃপ্তি লাগে। গত এক বছর ধরে সেমি-ফাইনাল পর্যন্ত ভালোই খেলে এসেছি। কিন্তু তারপর আলকারাজ-সিনারের সঙ্গে আর পারছি না। তবু হাল ছাড়ার প্রশ্ন নেই। আমি বিশ্বাস করি, এখনও জেতার সুযোগ রয়েছে।’ জোকার ছাড়াও পুরুষদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ডের ছাড়পত্র আদায় করলেন জানিক সিনার। আমেরিকার খেলোয়াড় ইলিয়ট স্পিজিরির কাছে অপ্রত্যাশিতভাবে প্রথম সেট খোয়ান ইতালিয়ান তরুণ। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে জিতে কোর্ট ছাড়লেন দ্বিতীয় বাছাই তারকা। খেলার ফল ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-৪। এছাড়াও জয় পান ক্যাসপার রুড। ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে ৬-৪, ৬-৪, ৩-৬, ৭-৫ ব্যবধানে হারালেন তিনি।

মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডের বাধা টকালেন ইগা সুইয়াটেক। রাশিয়ার আনা নিকোলায়েভনাকে ৬-১, ১-৬, ৬-১ সেটে হারালেন দ্বিতীয় বাছাই তারকা। জিতলেন এলিনা রেবাকিনাও। ৬-২, ৬-৩ সেটে তিনি উড়িয়ে দিলেন তেরেজা ভ্যালেন্টোভাকে।

সম্পর্কিত সংবাদ