মাদকবিরোধী অভিযানে ফের জলপাইগুড়ি জেলা পুলিসের বড় সাফল্য! রাজগঞ্জ এলাকা থেকে বাজেয়াপ্ত হল প্রচুর নিষিদ্ধ কাশির সিরাপ। কয়েকদিন আগেই ধূপগুড়ি এলাকা থেকে প্রচুর নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করে পুলিস। জেলা পুলিস সুপার উমেশ খণ্ডবাহালে বলেন, গত ২৪ তারিখ ধূপগুড়ি থানার পুলিস ২৮০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপসহ একটি গাড়ি আটক করে। ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। ওই মামলার তদন্ত চলাকালীন ধৃত মীর কাশিম রহমানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ধূপগুড়ি ও রাজগঞ্জ থানার যৌথ অভিযানে রাজগঞ্জের কামারিভিটা, ভূটকি, ডাঙাপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। সবমিলিয়ে ৭২ কার্টন নিষিদ্ধ কাশির সিরাপ মিলেছে। এছাড়া আরও প্রচুর মাদক উদ্ধার হয়েছে।



