Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মীরপুরে সাত দিনের প্রশিক্ষণ শিবির জয়েশের, চিল্লাই কালানের সুযোগ নিতে তৎপর জঙ্গিরা, সতর্ক সেনা

প্রবল শীতের পর্ব তথা চিল্লাই কালানের জেরে কাঁপছে ভূস্বর্গ। ২১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে শীতের ঝোড়ো ব্যাটিং।

মীরপুরে সাত দিনের প্রশিক্ষণ শিবির জয়েশের, চিল্লাই কালানের সুযোগ নিতে তৎপর জঙ্গিরা, সতর্ক সেনা
  • ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: প্রবল শীতের পর্ব তথা চিল্লাই কালানের জেরে কাঁপছে ভূস্বর্গ। ২১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে শীতের ঝোড়ো ব্যাটিং। এই অবস্থায় জম্মু-কাশ্মীরের কিস্তোয়ার ও ডোডা জেলায় নিরাপত্তা বৃদ্ধি করেছে ভারতীয় সেনা। বিভিন্ন এলাকায় জোরকদমে চলছে শীতকালীন যৌথ অভিযান। বাহিনী জানিয়েছে, পাক জঙ্গিদের অনুপ্রবেশ রুখতেই এই পদক্ষেপ। এরইমধ্যে রবিবার উত্তর কাশ্মীরের বান্দিপোরায় রাস্তার ধারে একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়। জানা গিয়েছে, সোপোর-বান্দিপোরা রোডের কাছে জিনিসটি পড়েছিল। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছন বান্দিপোরা পুলিশ ও ২৭ অসম রাইফেলসের সদস্যরা। সঙ্গে ছিল বম্ব স্কোয়াড। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। সূত্রের খবর, আগামী ১ জানুয়ারি থেকে পাক অধিকৃত কাশ্মীরের মীরপুরে সাতদিনের প্রশিক্ষণ শিবির করতে চলেছে জয়েশ-ই-মহম্মদ। এর জন্য বালাকোট ও গারহি হাবিবুল্লায় একাধিক সভার আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, সভায় বহু শিশু ভিড় জমাচ্ছে। সুযোগ বুঝে তাদের দলে শামিল করে নিচ্ছে জয়েশ। এহেন পরিস্থিতিতে বান্দিপোরার ঘটনাকে উপেক্ষা করতে নারাজ ভারতীয় সেনা। 

Advertisement

শীতের কঠিন আবহাওয়ায় সাধারণত কম উচ্চতায় নেমে আসে বাহিনী। তবে এবার তেমনটা হচ্ছে না। শীতের জন্য অস্থায়ী ঘাঁটি তৈরি করা হয়েছে। সেখানেই দিনরাত টহল দিচ্ছে সেনা। তুষারঝড় থেকে শুরু করে শীতের হাড় কাঁপানো ঠান্ডা। যাবতীয় পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত প্রত্যেক সদস্য। জনবসতিহীন এলাকায় গ্রাউন্ড সেন্সর ও থার্মাল ইমেজিংয়ের সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে চলছে কড়া নজরদারি। জানা গিয়েছে, সীমান্তবর্তী অঞ্চলে প্রায় ৩০ থেকে ৩৫ জন পাক জঙ্গি লুকিয়ে রয়েছে। শীতকে হাতিয়ার করে তাণ্ডব চালানোর পরিকল্পনা নিয়েছিল তারা। তবে সেনা ও যৌথ বাহিনীর তৎপরতায় সেই চেষ্টা ভেস্তে গিয়েছে। এবিষয়ে সেনার এক পদস্থ আধিকারিক বলেন , ‘শীতের এই মরশুমের অভিযানের পদ্ধতি অনেকটাই বদলে দেওয়া হয়েছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ