নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই পুরীর জগন্নাথ ধামকে জড়িয়ে নানা বিতর্ক তৈরি হচ্ছে। সর্বতোভাবে এর বিরোধিতা করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বলেছেন, ‘আমি পুরীর জগন্নাথ মন্দিরকে সম্মান করি। আপনারাও দীঘার মন্দিরকে সম্মান করুন। এনিয়ে বিতর্ক সৃষ্টির কোনও জায়গাই নেই।’ মমতার এই বক্তব্যের সঙ্গে এবার সহমত পোষণ করলেন পঞ্চায়েতি আখড়ার মহামণ্ডলেশ্বর শ্রীমৎ পরমাত্মানন্দজি মহারাজ। দীঘার জগন্নাথ মন্দিরকে যেভাবে পুরীর জগন্নাথ ধামের সঙ্গে তুলনা করা হচ্ছে, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, ‘এই প্রতিযোগিতা কি প্রভু জগন্নাথ করতে বলেছেন? পশ্চিমবঙ্গ সরকার কি একবারও বলেছে যে দীঘার মন্দির তৈরি করে আমরা পুরীকে টেক্কা দিতে দিতে চাইছি? তাহলে কীসের প্রতিযোগিতা?’
শুক্রবার ধুমধাম করে পালিত হয় নোয়াপাড়ার ব্রহ্মময়ী সেবা ট্রাস্টের ১৭তম রথযাত্রা। সেই রথযাত্রার সূচনা করেন মহামণ্ডলেশ্বর। সুসজ্জিত রথযাত্রা প্রায় ৭ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে। রাজ্যের বাকি অংশেও ধুমধাম করে পালিত হয়েছে রথযাত্রা। তবে এবছর সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির এবং পুরীর সঙ্গে তার তুলনা। এই তুলনার বিরুদ্ধেই সুর চড়িয়েছেন মহামণ্ডলেশ্বর। তিনি আরও বলেছেন, ‘এই বিতর্কটাই গুরুত্বহীন। কোন মন্দিরের জগন্নাথ শক্তিশালী বা বেশি প্রভাবশালী, তার বাছবিচার করছে কারা? আমরাই তো! যাদের ঈশ্বরের শ্রেষ্ঠত্ব বিচার করার ক্ষমতা শূন্য। ভক্তরা যদি দীঘার মন্দিরে গিয়ে পুণ্য লাভ করতে চান, সমস্যা কোথায়? কেন শুধু শুধু দীঘা মন্দিরকে পুরীর জগন্নাথ ধামের সঙ্গে লড়িয়ে দেওয়া হচ্ছে? এই প্রতিযোগিতা হওয়াটা ঠিক নয়। প্রতিটি মন্দিরে প্রভু তাঁর মহিমায় বিরাজমান। এসব বিতর্ক মূর্খদের কাজ। তার চেয়ে বরং আমরা ধর্মচর্চা এবং ধর্ম রক্ষায় মনোযোগী হই।’