নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্বজয়ী ক্যাপ্টেন হরমনপ্রীত সিং সমাবর্তনে উপস্থিত না থাকলেও তাঁকে ডিলিট দেওয়ার কথা ভাবছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কাল, বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব। সেখানে তাঁকে ইন অ্যাবসেনশিয়া (অনুপস্থিতিতে) ডিলিট দেওয়া হতে পারে জানা গিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে। তাঁকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত থাকতে পারছেন না হরমনপ্রীত। সে কারণেই এই ব্যবস্থা। সমাবর্তনের দিন সকালে বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠক বসবে। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়বে বলে খবর। পরে তাঁকে শংসাপত্র পাঠিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত আচার্য হিসেবে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উপস্থিত থাকার কথা। আর প্রধান অতিথি হিসেবে দীক্ষান্ত ভাষণ দেওয়ার কথা এআইসিটিই চেয়ারম্যান টি জি সীতারামের। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ও দীর্ঘ প্রায় পাঁচবছর বাদে পুরোদস্তুর সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছে। ফেব্রুয়ারির শেষে বা মার্চে সমাবর্তন আয়োজনের সম্ভাব্য সময় ধরা হয়েছে। ২০২৪ সালে মেডেল বা ডিগ্রি প্রদান অনুষ্ঠান হলেও এই বিশ্ববিদ্যালয়ে শেষ সমাবর্তন অনুষ্ঠান হয় ২০২০ সালে। আগামী সমাবর্তনে অন্তত ১২০০ গবেষককে (২০২৩-’২৪ এবং ২০২৪-’২৫ শিক্ষাবর্ষে কোর্স শেষ করা) পিএইচডি ডিগ্রি দেওয়া হবে বলে সূত্রের খবর। আর মেডেল পেতে পারেন ১৫০ কৃতী ছাত্র-ছাত্রী। সমাবর্তনের দিন আয়োজন স্থল এবং অন্যান্য বিষয়ে সিন্ডিকেটে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হল সমাবর্তন আয়োজনের ভেন্যু হিসেবে ভাবা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।



