নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সার্কুলার জারি করে বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব ভাগ করে দিলেন যাদবপুরের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। পাঠন-পাঠন এবং পরীক্ষা বিভাগের সার্বিক দায়িত্ব সহ-উপাচার্য অমিতাভ দত্তকে দেওয়া হয়েছে। এছাড়া পড়ুয়া ভরতি, গবেষণা ও তার অনুদান, আইকিউএসি সেল (র্যাঙ্কিং এবং অ্যাক্রেডিটেশনের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত), প্রাক্তনী সংসদ এবং তাঁদের থেকে আসা অনুদান এবং সল্টলেক ক্যাম্পাসের যাবতীয় দায়িত্বও এখন সহ-উপাচার্যের হাতে। টেন্ডার কমিটি, স্পেস কমিটি, পারচেজ কমিটির চেয়ারম্যানও করা হয়েছে সহ-উপাচার্যকে। কর্মী কল্যাণ এবং তথ্যপ্রযুক্তিগত ক্ষেত্রগুলিতেই চেয়ারম্যান রয়ে গিয়েছেন উপাচার্য। এর পাশাপাশি, রেজিস্ট্রার, ডিন অব স্টুডেন্টস, বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক ও স্নাতকোত্তর ফ্যাকাল্টি কাউন্সিলের সেক্রেটারি, ফিনান্স অফিসার, ডেভেলপমেন্ট অফিসার, প্লেসমেন্ট অফিসার এবং ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পদগুলিতে অস্থায়ী দায়িত্বে রয়েছেন সবাই। এবার স্থায়ী নিয়োগের তৎপরতা শুরু করছে বিশ্ববিদ্যালয়।



