নয়াদিল্লি: ইজরায়েল-ইরান সংঘাতে অপ্রত্যাশিতভাবেই জড়িয়ে গেল ভারতের নামও। ইজরায়েল লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন ছুড়ে চলেছে ইরান। আর তা ঠেকাতে এখন ইজরায়েলি বায়ুসেনার ভরসা ভারতের তৈরি ‘বারাক-৮’ এয়ার ডিফেন্স সিস্টেম। হাইপারসনিক ক্রুজ মিসাইল, ড্রোন সহ আকাশপথে যে কোনও হামলা আটকে দিতে সক্ষম বারাক। এই প্রথম ইরানের বিরুদ্ধে এই এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হল। তবে সম্প্রতি ‘অপারেশন সিন্দুর’ চলাকালীন পাকিস্তানের হামলা ঠেকাতে বারাক-৮ সিস্টেম ব্যবহার করেছিল ভারত। পাকিস্তানের সব আক্রমণ সফলভাবে ঠেকিয়ে দিয়ে কার্যক্ষমতার প্রমাণ দিয়েছিল এই সিস্টেম। তাই এবার আয়রন ডোমের পাশাপাশি এই ব্যবস্থাকে ব্যবহার করতে চাইছে ইজরায়েল। এক্স হ্যান্ডলে তারা জানিয়েছে, বারাক সিস্টেম ইরানের একটি আনম্যানড এরিয়াল ভেহিকল (ড্রোন) ধ্বংস করে দিয়েছে। আকাশপথে হামলা ঠেকাতে ইজরায়েলি বায়ুসেনা তত্পর রয়েছে।



