Bartaman Logo
৩১ মে, ২০২৬

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হচ্ছে ভারতে?

১৬ বছরের কমবয়সিদের জন্য নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া! বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে অনেক দেশই। কিন্তু কার্যকর করতে পেরেছে একমাত্র অস্ট্রেলিয়া।

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হচ্ছে ভারতে?
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: ১৬ বছরের কমবয়সিদের জন্য নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া! বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে অনেক দেশই। কিন্তু কার্যকর করতে পেরেছে একমাত্র অস্ট্রেলিয়া। এবার ভারত সরকারও হাঁটতে চলেছে সেই পথে। এজন্য ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে নোট তৈরি হচ্ছে। আলোচনা শুরু হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ওটিটি কোম্পানির সঙ্গে। কিছু কিছু সমাজমাধ্যমের অ্যাকাউন্ট ১৬ বছর বয়স না হলে একেবারেই ব্যবহার করা যাবে না। কিছু কিছু সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মকে বলা হবে, সাবালক ও  নাবালকদের জন্য পৃথক লগ ইন ব্যবস্থা যেন থাকে। মঙ্গলবারই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এব্যাপারে আভাস দেন। তিনি বলেছিলেন যে, বয়সভিত্তিক অনুষ্ঠান, কনটেন্ট কীভাবে পৃথকীকরণ করা যায় সেব্যাপারে কিছু কিছু সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান ও ওটিটি কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে। বর্তমানে মূলত দুটি বিষয়ে কথা চলছে। প্রথমত ডিপ ফেক প্রতিরোধ করা যায় কীভাবে। এবং দ্বিতীয়ত বয়সভিত্তিক কোনও নিয়ন্ত্রণ সম্ভব কি না। মন্ত্রীর ওই ইঙ্গিতের সঙ্গে সামঞ্জস্য রেখেই ‘ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইনে’র সংশোধন করে কীভাবে আরও কিছু কড়া বিধিনিয়ম আনা যায়, সেই চেষ্টা শুরু করেছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

Advertisement

অস্ট্রেলিয়া অবশ্য শুধু নিষেধাজ্ঞা জারি করেই থামেনি। যদি কোনো একটি সোশ্যাল মিডিয়া এরপরও ১৬ বছরের কমবয়সিদের কাছে পৌঁছে যায় অবাধে, তাহলে সেই কোম্পানিকেই ৩ কোটি ডলার পর্যন্ত জরিমানা করা হবে সেদেশের আইনে। ফ্রান্স আবার ইতিমধ্যেই চালু করেছে নয়া নিয়ম—১৬ বছরের কমবয়সি হলে অভিভাবকদের সম্মতি আপলোড করতে হবে সোশ্যাল মিডিয়া অ্যাপে। চীনে চালু হয়েছে মাইনর কোড ব্যবস্থা। অর্থাৎ, নাবালকরা ব্যবহার করলে সোশ্যাল মিডিয়ার অ্যাপ নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে যাবে। ব্রিটেন থেকে আমেরিকা, জাপান অথবা স্পেন সব দেশই টিনএজারদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণের ব্যাপারে ভাবনাচিন্তা করছে। খসড়া আইনও তৈরি করেছে কিছু রাষ্ট্র।
ভারতে অবশ্য কয়েকটি রাজ্য সরকারিভাবে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে যে, কোনো আংশিক নিয়ন্ত্রণ চাই না। ১৬ বছরের কমবয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হোক। গোয়া ইতিমধ্যেই নিজেদের মতো করে এই সংক্রান্ত একটি বিধিনিষেধকে সাইবার অপরাধের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে। যদিও যে রাষ্ট্রগুলি অভিভাবকদের অনুমোদন সাপেক্ষে টিনএজারদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিয়ম চালু করেছে, তারা কমবেশি সকলেই বলেছে, এই ব্যবস্থা যথেষ্ট নয়। কারণ, এই নিয়মের দুর্ব্যবহার হয়। তাই সরাসরি নিষিদ্ধ করাই সঠিক পথ। ভারত সরকারও কিছু কিছু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ নিষেধাজ্ঞারই পক্ষপাতী। টিকটক, স্ন্যাপচ্যাট, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল এবং ওটিটি প্ল্যাটফর্মগুলিকে নিয়ন্ত্রণের আওতায় আনার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রেও ১৬ বছরের কমবয়সিদের জন্য বিশেষ বিধিনিষেধ আরোপ করার ব্যাপারে আলোচনা চলছে।

সম্পর্কিত সংবাদ