নয়াদিল্লি: ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে। তা সত্ত্বেও জাতীয় দলে ব্রাত্য মহম্মদ সামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে রাখা হয়নি তারকা পেসারকে। স্বাভাবিকভাবেই ঘোর অন্ধকারে সামির ভবিষ্যৎ। তবে ইরফান পাঠান মনে করছেন, এখনও বাংলার পেসারের জন্য জাতীয় দলে প্রত্যাবর্তনের দরজা বন্ধ হয়নি। সামির পাশে দাঁড়িয়ে নিজের ইউটিউব চ্যানেলে ইরফান বলেন, ‘সম্প্রতি মহম্মদ সামির ভবিষ্যৎ নিয়ে অনেক চর্চা হচ্ছে। ও কিন্তু নতুন প্লেয়ার নয়। দেশের জার্সিতে ৪০০-৫০০ উইকেট রয়েছে। তারপরও ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে তাকে বাদ দেওয়া হচ্ছে। এমনটা সবার সঙ্গেই হতে পারে। তুমি যতক্ষণ খেলবে, নিজেকে প্রমাণ করে যেতে হবে। আমি মনে করি, এখনও ওর জন্য জাতীয় দলে প্রত্যাবর্তনের দরজা খোলা রয়েছে।’



