তেহরান: ফের সৌদি আরবে মার্কিন সেনাঘাঁটিতে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। শুক্রবার প্রিন্স সুলতান এয়ারবেসে একের পর এক মিসাইল হামলা চালায় তেহরান। ব্যবহার করা হয় ‘আনম্যানড ড্রোন’ও। এই হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন মার্কিন সেনা। তার মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ওই এয়ারবেসের একাধিক বিমানেরও ক্ষতি হয়েছে। ফাইটার জেটে রিফুয়েলিংয়ের জন্য ওই বিমানগুলি ব্যবহার করা হত। তবে, এই হামলা নিয়ে মার্কিন সেনার তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বলা হয়েছে, সামরিক তথ্য ফাঁস হয়ে যাওয়া রুখতেই ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত প্রকাশ্যে আনা হচ্ছে না। তবে, প্রিন্স সুলতান এয়ারবেসে ইরানের হামলার একাধিক উপগ্রহ চিত্র সামনে এসেছে। তাতে ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে।



