Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন নৌসেনার ফিফথ ফ্লিটে হামলা ইরানের, মৃত্যু ২১ জনের

মার্কিন নৌসেনার ফিফথ ফ্লিটের সদর দপ্তরে ফের হামলা চালাল ইরান। এখনও পর্যন্ত এই হামলায় আমেরিকার ২১ জন সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনা।

মার্কিন নৌসেনার ফিফথ ফ্লিটে হামলা ইরানের, মৃত্যু ২১ জনের
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মার্কিন নৌসেনার ফিফথ ফ্লিটের সদর দপ্তরে ফের হামলা চালাল ইরান। এখনও পর্যন্ত এই হামলায় আমেরিকার ২১ জন সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইরানি সেনা। বাহরিনের রাজধানী মানামার জুফেইরে ফিফথ ফ্লিটের সদর দপ্তর। সেখানে মিসাইল ও ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়। ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম একসঙ্গে এতজন মার্কিন সেনার মৃত্যুর খবর মিলল। এর আগেও গত ২৮ ফেব্রুয়ারি ফিফথ ফ্লিটের সদর দপ্তরে হামলা চালিয়েছিল ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর। সেবারও ওই ঘাঁটিতে আছড়ে পড়েছিল ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন।

Advertisement

ফিফথ ফ্লিটের সদর দপ্তরে মার্কিন সেনার প্রায় সাড়ে আট হাজার সদস্য ও তাঁদের পরিবারের বাস। পুরো পশ্চিম এশিয়ার জলপথ নিয়ন্ত্রণে এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন উপগ্রহ চিত্র ও ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই নৌঘাঁটি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, হামলায় রাডার ব্যবস্থা, সার্ভিস বিল্ডিং, স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল ধ্বংস হয়ে গিয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ ভবনেও ব্যাপক ক্ষতি হয়েছে।  মার্কিন সেনার একটি সূত্রে বলা হয়েছে, ইরানের হামলার সময় সব সেনাই বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন। এখনও পর্যন্ত তিন ট্রুপ সেনার মৃত্যু হয়েছে। তবে বাহরিনে হামলায় কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে ওই সূত্রের দাবি। সম্প্রতি, ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে গিয়েছিল ইরানের যুদ্ধজাহাজ। মৃত্যু হয় ৮৭ জনের। তারই বদলা নিতে তেহরান এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। 

সম্পর্কিত সংবাদ