Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বিদেশ থেকে আসা পার্সেল ক্লিয়ারিং সহজ করার উদ্যোগ

বিদেশ থেকে কোনও পার্সেল এলে তার কাস্টমস ক্লিয়ারিংয়ের প্রয়োজন হয়। সেই কাজ আরও সুষ্ঠুভাবে করতে নয়া পরিষেবা চালু করল ডাকবিভাগ।

বিদেশ থেকে আসা পার্সেল ক্লিয়ারিং সহজ করার উদ্যোগ
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদেশ থেকে কোনও পার্সেল এলে তার কাস্টমস ক্লিয়ারিংয়ের প্রয়োজন হয়। সেই কাজ আরও সুষ্ঠুভাবে করতে নয়া পরিষেবা চালু করল ডাকবিভাগ। মঙ্গলবার কলকাতায় ফরেন পোস্ট অফিসে এই পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা কাস্টমস জোনের চিফ কমিশনার রামভাথ নাইক, পোস্টমাস্টার জেনারেল (মেইল ও বিজনেস ডেভেলপমেন্ট) সুপ্রিয় ঘোষ এবং অন্য আধিকারিকরা। নতুন এই পরিষেবার নাম দেওয়া হয়েছে এফপিও ইমপোর্ট অ্যাপ্লিকেশন। নতুন প্রযুক্তি আসার ফলে বিদেশ থেকে আসা পার্সেলগুলি এখন অনেক সহজে কাস্টমস থেকে ছাড়পত্র পাবে। কারণ, তা ডিজিটাল ক্লিয়ারেন্স পাবে। চলতি মাসেই চালু হয়েছে ডাক বিভাগের আইটি ২.০ পোর্টাল। অন্যদিকে, কাস্টমসও পোস্টাল ইমপোর্ট বা ডাক মারফত বিদেশ থেকে আসা পণ্যের স্বচ্ছ ও দ্রুত ক্লিয়ারিংয়ের জন্য প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে। এই দু’য়ের মেলবন্ধনেই নতুন পরিষেবা মিলবে বলে জানিয়েছেন দপ্তরের কর্তারা। 

Advertisement

কলকাতার ফরেন পোস্ট অফিসের সুপারিনটেনডেন্ট তুষারকান্তি চৌধুরী বলেন, আগে ফরেন পোস্ট অফিসে পার্সেল আসার পর, তা কাস্টমসের তরফে অফিসার ও কর্মী মারফত ক্লিয়ার করা হতো। এখন বিদেশে পার্সেল বুকিং করলেই, তা জানতে পারবে কাস্টমস বিভাগ। এমনকী, তাতে যদি আপত্তিকর কিছু থাকে, সেই বিষয়েও আগে থেকে সাবধান হয়ে যাবে তারা। যেহেতু গোটা প্রক্রিয়াটি প্রযুক্তিনির্ভর এবং তাতে কর্মীদের সক্রিয়তা কম থাকবে, তাই সময় কম লাগবে। পাশাপাশি যদি পার্সেল আসার জন্য কোনও গ্রাহককে আলাদা করে শুল্ক দিতে হয়, তার জন্য পাকা রসিদ পাবেন তিনি। অর্থাৎ প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে ঘটবে। আমরা আশা করছি, এতে গ্রাহক অভিযোগও রোখা যাবে।

সম্পর্কিত সংবাদ