নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম দিন নির্বিঘ্নেই মিটল প্রাথমিক শিক্ষক নিয়োগের কলকাতা জেলার প্রার্থীদের ইন্টারভিউ। ৩০ জানুয়ারি পর্যন্ত কলকাতা, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি জেলার প্রার্থীদের ইন্টারভিউ চলবে। প্রতিদিনই ৫০০ জন প্রার্থীকে ডাকা হচ্ছে ইন্টারভিউয়ে। পর্ষদের এক কর্তা বলেন, ইন্টারভিউয়ে গরহাজিরা খুবই কম। তবে, অনেক প্রার্থীকে বিভিন্ন কারণে বাদ দিতে হয়েছে। কেউ হয়তো উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষক। তাই প্রাথমিকের পার্শ্বশিক্ষকরা যে বয়সের ছাড় পাবেন, তা তাঁরা পাননি। এনআইওসের মাধ্যমে ডিএলএড করা প্রার্থীদেরও বাদ দেওয়া হয়েছে। তবে, আবেদনের সময় তথ্য গোপন করার ফলেই এই ধরনের প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল। তবে ভেরিফিকেশন পদ্ধতির পরে তাঁরা বাদ চলে গিয়েছেন। অন্যদিকে, যেমন আশা করা হয়েছিল, জানুয়ারির শেষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু করতে পারছে না স্কুল সার্ভিস কমিশন। শূন্যপদের বিস্তারিত তালিকা স্কুলশিক্ষা দপ্তর থেকে এলেই কাউন্সেলিং প্রক্রিয়ায় হাত দেবে তারা। তবে, তার জন্য এখনো বেশ কিছুদিন সময় লাগবে বলেই সূত্রের খবর।



