


নয়াদিল্লি: হুমকি, খুন, তোলাবাজি—একের পর এক অভিযোগে নাম জড়িয়েছিল ভেঙ্কটেশ গর্গ ও ভানু রানার। গ্রেফতারি ঠেকাতে পালিয়েছিল বিদেশে। সেখান থেকেই রাজ্যে রাজ্যে অপরাধ-চক্র চালাচ্ছিল মোস্ট ওয়ান্টেড এই দুই গ্যাংস্টার। অবশেষে জালে ধরা পড়ল তারা। ভেঙ্কটেশকে গ্রেফতার হয়েছে জর্জিয়ায়। আর আমেরিকায় পুলিসের জালে ধরা পড়েছে ভানু। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যোগ রয়েছে এই কুখ্যাত গ্যাংস্টারের। শীঘ্রই দুই দুষ্কৃতীকে দেশে ফেরানো হবে বলে খবর।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার নারায়ণগড়ের বাসিন্দা গর্গের বিরুদ্ধে ভারতে অন্তত ১০টি মামলা রয়েছে। অপরাধমূলক কাজকর্ম চালাতে হরিয়ানা ছাড়াও রাজস্থান, দিল্লি সহ উত্তর ভারতের অন্যান্য রাজ্যের যুবকদের ‘রিক্রুট’ করত গর্গ। গুরুগ্রামে বিএসপি নেতা খুনে নাম জড়ানোর পরই দেশ ছেড়ে জর্জিয়ায় গা ঢাকা দিয়েছিল সে। বিদেশে লুকিয়ে থাকা আর এক গ্যাংস্টার কপিল সাংওয়ানের সঙ্গে হাত মিলিয়ে তোলাবাজির সিন্ডিকেট চালাত এই মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী। গত মাসে এক নির্মাণ ব্যবসায়ীর বাড়ি ও ফার্ম হাউসে গুলি চলেছিল। সেই ঘটনার তদন্তে নেমে সাংওয়ানের গ্যাংয়ের চার শ্যুটারকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
অন্যদিকে, বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যোগ রয়েছে রানার। মূলত কার্নালের বাসিন্দা এই গ্যাংস্টার অপরাধ জগতের দীর্ঘদিনের ‘খিলাড়ি’। বহু ফৌজদারি মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। হরিয়ানা, পাঞ্জাব, দিল্লিতে ছড়িয়ে রয়েছে রানার অপরাধের জাল। সম্প্রতি পাঞ্জাবের গ্রেনেড হামলায় নাম জড়িয়েছে তার। গ্রেনেড হামলার তদন্তে কার্নাল থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। ধৃতদের থেকে হ্যান্ড গ্রেনেড, পিস্তল ও অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছিল। জেরায় জানা যায়, দুই ধৃতই রানার হয়ে কাজ করত।