Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভারতের নির্বাচন কমিশন আপস করছে, মার্কিন মুলুকে সরব রাহুল গান্ধী

দেশের নির্বাচনী ব্যবস্থার ‘স্বচ্ছতা’ নিয়ে ফের প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার মার্কিন মুলুকে। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, ভারতের নির্বাচন কমিশন আপস করছে।

ভারতের নির্বাচন কমিশন আপস করছে, মার্কিন মুলুকে সরব রাহুল গান্ধী
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেশের নির্বাচনী ব্যবস্থার ‘স্বচ্ছতা’ নিয়ে ফের প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার মার্কিন মুলুকে। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, ভারতের নির্বাচন কমিশন আপস করছে। গোটা ব্যবস্থায় বড় গলদ রয়েছে। রাহুলের এই মন্তব্য সামনে আসতেই বেজায় চটেছে কেন্দ্রের শাসকদল। বিভিন্ন সময়ে বিদেশে গিয়ে যেভাবে লোকসভার বিরোধী দলনেতা দেশের বদনাম করেছেন, তা নিয়ে ক্ষুব্ধ বিজেপি। তাঁর মার্কিন সফরকে বিজেপি ‘ভারত বদনাম যাত্রা’ বলেও কটাক্ষ করেছে।

Advertisement

বস্টনে ভারতীয় বংশোদ্ভূতদের সামনে বক্তব্য রাখার সময় গত বছরের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ উত্থাপন করেন রাহুল গান্ধী। তাঁর দাবি, মহারাষ্ট্রে মোট ভোটার সংখ্যার তুলনায় বেশি ভোট পড়েছিল। নির্বাচন কমিশন বিকেল সাড়ে পাঁচটার সময় কত ভোট পড়েছে, সেই সংখ্যা জানিয়েছিল। পরে দেখা গেল, বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে ৬৫ লক্ষ ভোটার ভোট দিয়েছেন। যা বাস্তবে কখনই সম্ভব নয়। তিনি আরও জানান, একজন ভোটারের ভোট দিতে গড়ে তিন মিনিট সময় লাগে। তাহলে রাত দুটো পর্যন্ত ভোটগ্রহণ করতে হতো। কিন্তু তা হয়নি। আমরা ভোটপর্বের ভিডিও দেখতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের আবেদন নাকচ করে দেয়। শুধু তাই নয়, যাতে আর ভিডিও না চাওয়া যায়, তার জন্য বদলে দেওয়া হয় নিয়মও। গত রবিবার বস্টনে বক্তব্য রাখার সময় রাহুল আরও জানান, নির্বাচন কমিশন আপস করছে। শুধু তাই নয়, গোটা ব্যবস্থায় বড় গলদ রয়েছে বলেও দাবি করেন তিনি।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের এই অভিযোগ অবশ্য নতুন কিছু নয়। ২০২৪ সালে মহারাষ্ট্র নির্বাচনের পর কংগ্রেস শিবসেনা (উদ্ধবপন্থী) ও শারদ পাওয়ারের এনসিপির জোট মহা বিকাশ আঘাড়ি ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তুলেছিল। যদিও সেই অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে খারিজ করে দেয় কমিশন। রাহুলের এই অভিযোগের জবাবে অবশ্য চুপ করে নেই বিজেপিও। বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি দেশের গণতান্ত্রিক ভাবমূর্তি নষ্ট করছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। রাহুলকে বিঁধে বিজেপি নেতা সম্বিত পাত্র বলেন, ‘মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স যখন ভারত সফরে এসেছেন, তখনই আমেরিকায় গিয়ে দেশকে অসম্মানিত করছেন তিনি। রাহুল গান্ধীর মাথায় রাখা উচিত তাঁরা ডাকাতি করেছেন। আর এখন জামিনে মুক্ত আছেন। তিনি একজন দেশদ্রোহী। ইডির উপরের রাগ নির্বাচন কমিশনের উপরে দেখাচ্ছেন। হতাশা থেকেই দেশকে বদনাম করছেন রাহুল।’ -ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ