Bartaman Logo
৯ জুন, ২০২৬

নতুন প্রযুক্তির সফল পরীক্ষা করল ভারতীয় সংস্থা, মহাকাশে গুপ্তচর!

মহাকাশ গবেষণায় ফের নজির গড়ল ভারত। এবার নিজস্ব পদ্ধতিতে অন্য একটি কৃত্রিম উপগ্রহের সাহায্যে কক্ষপথে থাকা বস্তুর ছবি তুলল আমেদাবাদের বেসরকারি সংস্থা।

নতুন প্রযুক্তির  সফল পরীক্ষা করল ভারতীয় সংস্থা, মহাকাশে গুপ্তচর!
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মহাকাশ গবেষণায় ফের নজির গড়ল ভারত। এবার নিজস্ব পদ্ধতিতে অন্য একটি কৃত্রিম উপগ্রহের সাহায্যে কক্ষপথে থাকা বস্তুর ছবি তুলল আমেদাবাদের বেসরকারি সংস্থা। ইন-অরবিট-স্নুপিং নামক এই পদ্ধতির মাধ্যমে এবার মহাকাশেও নজরদারি চালানো সম্ভব হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ, এবার মহাকাশেও গুপ্তচর মজুত করল ভারত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির সাহায্যে দিব্যি শত্রু দেশের কৃত্রিম উপগ্রহের গতিবিধির খবর পাঠাবে এই অত্যাধুনিক যন্ত্র। 

Advertisement

গত ৩ ফেব্রুয়ারি দু’টি পৃথক পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ছবি তুলেছে ওই সংস্থা। এর জন্য ৮০ কেজির একটি কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়েছে। নাম এএফআর। সংস্থা জানিয়েছে, সফলভাবে দ্রুত গতির স্পেস স্টেশনের ছবি তুলতে সক্ষম হয়েছে তাদের কৃত্রিম উপগ্রহ। এবিষয়ে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি বলেন, ‘এই প্রযুক্তির সাহায্যে কক্ষপথে থাকা বিভিন্ন বস্তুর উপর সহজেই নজর রাখা যায়।’ 
২০২৩ সালের ১৩ জুন স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে চেপে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছিল এএফআর। ইতিমধ্যে কক্ষপথে আড়াই বছর কাটিয়ে ফেলেছে এই কৃত্রিম উপগ্রহ। আরও আড়াই বছরের আয়ু বাকি। তার আগেই মহাকাশ গবেষণায় দৃষ্টান্ত তৈরি করল এই অত্যাধুনিক উপগ্রহ। বর্তমানে মহাকাশে পঞ্চাশের বেশি কৃত্রিম উপগ্রহ চালায় ভারত। সেগুলিকে নিরাপদে রাখতে প্রতি মুহূর্তে অন্যান্য উপগ্রহের গতিপ্রকৃতির উপর নজর রাখা প্রয়োজন। এহেন অবস্থায় এই সাফল্যকে তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ