নিউ ইয়র্ক: আমেরিকার বাণিজ্য নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। মার্কিন স্টক মার্কেটের ভরকেন্দ্র ওয়াল স্ট্রিট। আর ঐতিহ্যবাহী সেই রাস্তাজুড়েই চলল ভারতীয় ‘বিবাহ অভিযান’। প্রায় ৪০০ বরযাত্রীর ডিজের তালে তালে নাচ। সঙ্গে লাল লেহেঙ্গা ও শেরওয়ানি পরে বর-কনের উচ্ছ্বাস। সব মিলে লোয়ার ম্যানহাটনের ব্যস্ত রাস্তা ‘বারাত’-এ মজে গিয়ে একেবারে স্তব্ধ হয়ে পড়ল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল। আর তা দেখে নেটমহলের সকলেরই চক্ষু চড়কগাছ। প্রায় একযোগে নেটিজেনরা বলছেন, ভারতীয় বিবাহ উৎসব যে কতটা স্বতঃস্ফুর্ত আর জাঁকজমকপূর্ণ হতে পারে তা দেখল গোটা ওয়াল স্ট্রিট, গোটা আমেরিকা, সঙ্গে গোটা বিশ্ব। ডিজে এ জি ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ‘৪০০ জনের বারাত-এ আমরা ওয়াল স্ট্রিট কার্যত বন্ধ করে দিয়েছিলাম। কেউ কি এটা কখনও ভেবেছিলেন? অন্যদিকে সোশ্যাল মিডিয়ার এক ইউজার লেখেন, ‘ওয়াল স্ট্রিট ড্যান্স ফ্লোর হয়ে উঠেছে। কখনও ভাবিনি ওয়াল স্ট্রিটের মতো ঐতিহ্যবাহী এক রাস্তায় ঢোল বাজবে। উৎসবে মেতে উঠবে সাড়ে চারশো মানুষ। ভাবা যায় না।’



