Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কপ্টারের সাহায্যে ভুটান থেকে ৩ জনকে উদ্ধার ভারতীয় সেনার

উত্তরবঙ্গের মতোই বৃষ্টি, ধস, বন্যায় বিপর্যস্ত ভুটানও। রবিবার ফুন্টশেলিং এলাকার আমোচু নদীতে আচমকা হড়পা বানে আটকে পড়েছিলেন তিনজন।

কপ্টারের সাহায্যে ভুটান থেকে ৩ জনকে উদ্ধার ভারতীয় সেনার
  • ৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও সংবাদদাতা, মেখলিগঞ্জ: উত্তরবঙ্গের মতোই বৃষ্টি, ধস, বন্যায় বিপর্যস্ত ভুটানও। রবিবার ফুন্টশেলিং এলাকার আমোচু নদীতে আচমকা হড়পা বানে আটকে পড়েছিলেন তিনজন। কপ্টার করে দ্রুত উদ্ধার করে তাঁদের প্রাণ বাঁচাল ভারতীয় সেনা। এই সাহায্যের জন্য ভুটান সরকারের পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানানো হয়েছে। সেনা এবং ভুটান সরকার সূত্রে জানা গিয়েছে, সাডেন ফ্লাড তথা হড়পা বানে তিনজন নদীর মাঝখানে আটকে পড়েন। ভুটানের স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। কিন্তু, প্রতিকূল আবহাওয়ার ভুটানের ড্রুক এয়ার হেলিকপ্টার সার্ভিস পারো থেকে টেকঅফ করতে পারেনি। তখন রয়াল ভুটান আর্মির পক্ষ থেকে ভারতীয় সেনার সাহায্য চাওয়া যায়। ভারতীয় সেনা দ্রুত দুটি কপ্টার পাঠায়। রয়াল ভুটান আর্মি এবং ভারতীয় সেনার যৌথ অভিযানে তিনজনকেই উদ্ধার করা হয়।

Advertisement

অন্যদিকে, প্রতিদিনের মতো রবিবার সকালেও চ্যাংরাবান্ধা থেকে পাথর আনতে ভুটানে গিয়েছিলেন মেখলিগঞ্জ ব্লকের ট্রাকচালক মহম্মদ সাইনুল। চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে প্রতিদিন প্রায় একশো-দেড়শো খালি ট্রাক ভুটানের ফুন্টশেলিং এলাকায় যায়। পাথর বোঝাই করে চ্যাংরাবান্ধায় ফিরে আসে। আচমকা বানে সাইনুলও আটকে পড়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেনার কপ্টারে উদ্ধার হওয়ায় তিনজনের মধ্যে তিনিও রয়েছেন।

সম্পর্কিত সংবাদ