


সাংহাই: বিশ্বকাপ তিরন্দাজিতে পদকের দোড়গড়ায় ভারত। শনিবার কম্পাউন্ডের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন ভারতীয় তিরন্দাজরা। পাশাপাশি রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টের শেষ চারে পৌঁছেছেন দীপিকা কুমারি ও পার্থ সুশান্ত। শুক্রবার দুরন্ত লড়াই করেও শেষ চারের ম্যাচে হারলেন মিক্সড দলের দুই তিরন্দাজ মধুরা ধামানগাঁওকর ও অভিষেক ভার্মা। গ্রেট ব্রিটেনের এলা গিবসন ও অজয় স্কটের কাছে ১৫৬-১৫৮ পয়েন্টে হারেন তাঁরা। শনিবার মালয়েশিয়ান জুটির বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন মধুরা-অভিষেক। পুরুষদের রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে দুরন্ত ছন্দ মেলে ধরলেন পার্থ সুশান্ত। টোকিও ওলিম্পিকসে সোনা ও প্যারিস গেমসে ব্রোঞ্জ জয়ী মেটে গাজজকে হারালেন ৬-৫ ব্যবধানে। দীপিকা শেষ চারে পৌঁছলেন স্পেনের লুসিয়া রোমেরোকে ৬-৪ পয়েন্টে হারিয়ে।