বিশেষ সংবাদদাতা, আগরতলা: ভারত সীমান্ত থেকে দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। বাংলাদেশের লালমণিরহাট জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি একটি এয়ারফিল্ড পুনরুজ্জীবনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। এজন্য চীনের সহযোগিতা নিচ্ছে মহম্মদ ইউনুস সরকার। উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে দেশের সংযোগকারী শিলিগুড়ি করিডরের একেবারে নাকের ডগায় এই চীনা গতিবিধিকে ভারত মোটেও হাল্কাভাবে নিচ্ছে না। কারণ দেশের অখণ্ডতার প্রশ্নে ‘চিকেনস নেক’ নামে পরিচিতি এই শিলিগুড়ি করিডর ভৌগোলিক ও কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই অবস্থায় বাংলাদেশের মাটিতে এয়ারফিল্ড সংস্কারের নামে চীনের গতিবিধির মোকাবিলায় পাল্টা পদক্ষেপ নিয়েছে ভারতও। এজন্য ত্রিপুরার উনকোটি জেলায় তিন দশক ধরে বন্ধ হয়ে পড়ে থাকা কৈলাশহর এয়ারফিল্ড নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনাচক্রে, এই কৈলাশহর বিমানবন্দরের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। ১৯৭১ সালের যুদ্ধে ত্রিপুরার এই বিমানঘাঁটি ব্যবহার করেই পাকিস্তানি সেনার কোমর ভেঙে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। এটিকে নবরূপে চালু করতে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার বিশেষজ্ঞ টিম পরিদর্শন ও সমীক্ষার কাজ চালিয়েছে।



