


নয়াদিল্লি: আরও মজবুত হতে চলেছে ভারতের প্রতিরক্ষা। বৃহস্পতিবার ১ লক্ষ ৫ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী কেনায় সবুজ সঙ্কেত দিল ডিফেন্স অ্যাকুইজেশন কমিটি (ডিএসি)। এই প্রতিরক্ষা সামগ্রীগুলির অধিকাংশই হবে ‘মেক ইন ইন্ডিয়া’। ভারতীয় প্রযুক্তিতে তৈরি সামগ্রীকেই অগ্রাধিকার দিতে চায় প্রতিরক্ষা মন্ত্রক।
অপারেশন সিন্দুরের পর প্রথমবার বৈঠকে বসেছিল ডিফেন্স অ্যাকুইজেশন কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। সেখানেই স্বদেশি প্রযুক্তিতে তৈরি ১ লক্ষ কোটি টাকারও বেশি প্রতিরক্ষা সামগ্রী কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রক সূত্রে খবর, সাঁজোয়া গাড়ি, সারফেস টু এয়ার মিসাইল, ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম সহ একাধিক সামগ্রী কেনা হবে। এর ফলে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স, লজিস্টিক সিস্টেম আরও উন্নত হবে। ডিএসি সূত্রে খবর, নৌবাহিনীকে শক্তিশালী করতে কেনা হচ্ছে মুরড মাইন, মাইন কাউন্টার মেজর ভেসেল, র্যাপিড গান মাউন্ট, সাবমার্সিবল অটোনোমাস ভেহিক্যাল। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর হতেই স্বদেশি প্রযুক্তিতে নির্মিত সামগ্রীতে জোর দেওয়া হয়েছে। ফলে দেশের মধ্যে প্রতিরক্ষা সামগ্রী তৈরির আগ্রহ বাড়বে। গড়ে উঠবে নিজস্ব ইকো সিস্টেম।