নয়াদিল্লি: ‘অখণ্ড চীন’ নীতিতেই সমর্থন রয়েছে ভারতের। নয়াদিল্লি মনে করে, তাইওয়ান চীনেরই অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি চীনা বিদেশমন্ত্রী ওয়াং উইয়ের ভারত সফর প্রসঙ্গে বেজিংয়ের প্রকাশিত বিবৃতিতে এই দাবি করা হয়েছিল। ওই ইংরেজি বিবৃতিতে বলা হয়েছিল, দিল্লিতে বিদেশমন্ত্রী উইয়ের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই মত প্রকাশ করেছেন। যদিও বেজিংয়ের এই বিবৃতি থেকে এবার দূরত্ব তৈরি করল ভারত। চীনের বক্তব্যকে খারিজ করে সরকারি সূত্রে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ‘তাইওয়ান প্রসঙ্গে আমাদের অবস্থানে কোনও বদল হয়নি। বাকি বিশ্বের মতো ভারতেরও তাইওয়ানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তাইপের সঙ্গে অর্থনীতি, প্রযুক্তি ও সাংস্কৃতিক সম্পর্ক ভারতের কাছে গুরুত্বপূর্ণ।’



