Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ট্রাম্পের ‘শর্ত’ মেনেই রাশিয়ার তেল কেনা ধাপে ধাপে বন্ধ করছে ভারত

রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনা বন্ধ করতে হবে। এই শর্তেই ভারতীয় পণ্যে শুল্ক কমাতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের ‘শর্ত’ মেনেই রাশিয়ার তেল কেনা ধাপে ধাপে বন্ধ করছে ভারত
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনা বন্ধ করতে হবে। এই শর্তেই ভারতীয় পণ্যে শুল্ক কমাতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার তেল কেনার জন্য চাপানো ২৫ শতাংশ ‘শাস্তিমূলক শুল্ক’ তুলে নেওয়া হচ্ছে। এরইমধ্যে ভারতের তেল সংস্থাগুলি রাশিয়া থেকে তেল আমদানি ধাপে ধাপে কমিয়ে আনার পথে হাঁটছে বলে খবর। এব্যাপারে আগের  বরাতগুলি শেষ হয়ে গেলেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারতীয় সংস্থাগুলি। রাশিয়া থেকে অপরিশোধিত পেট্রপণ্য কেনা বন্ধের বিষয়ে পেট্রলিয়াম মন্ত্রক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বিদেশ মন্ত্রক এবং বাণিজ্য মন্ত্রকও এই নিয়ে সরাসরি কিছুই বলেনি। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল শনিবার জানান, রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে মন্ত্রকের তরফে পরে বিস্তারিত জানানো হবে। 

Advertisement

কেন্দ্রের একটি সূত্রের দাবি, ভারতীয় তেল সংস্থাগুলিকে ইতিমধ্যেই রাশিয়া থেকে পেট্রপণ্যর আমদানি কমাতে মৌখিক পরামর্শ দেওয়া হয়েছে। যদিও এখনও সরকারিভাবে কোনো নির্দেশিকা জারি করা হয়নি। তবে সব তেল সংস্থাই ৬ থেকে ৮ 
সপ্তাহ আগে তেল কেনার জন্য বরাত দিয়ে দেয়। সেগুলি বাতিল করা না হলেও নতুন করে আর বরাত দেওয়া হচ্ছে না। 
আমেরিকা শুল্ক চাপানোর পরেই হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন, এইচপিসিএল-মিত্তল এনার্জি, ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রকেমিকেলসের মতো সংস্থা গত বছর থেকে রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিয়েছিল। ভারত পেট্রলিয়াম এবং ইন্ডিয়ান অয়েলের মতো সংস্থা তেল কেনা ধাপে ধাপে কমাতে শুরু করেছে। আগামী কয়েক সপ্তাহে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ১ লক্ষ ৫০ হাজার ব্যারেল তেল আমদানি করবে। 
তারপর তারাও পেট্রপণ্য কেনা বন্ধ করে দেবে। তবে, আর এক ভারতীয় সংস্থা নায়ারা এনার্জির ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে। কারণ, নায়ারার অন্যতম অংশীদার রুশ সংস্থা রোসনেফ্ট। তার জন্য নায়ারার উপর আগেই নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন। তাই বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার তেলের উপরেই ভরসা করতে হবে নায়ারাকে। 
সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে আলোচনা করেছে ভারত। তাই নায়ারাকে বিশেষ ছাড় দিতে পারে আমেরিকা। কিন্তু রুশ তেলের বিকল্প কী? বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কেনার দিকে ঝুঁকতে পারে ভারত। ভেনেজুয়েলার অপরিশোধিত তেল অনেক ভারী হয়। এই কারণে বহু দেশে পুরানো ও ছোটো শোধনাগারে তা পরিশোধন করা যায় না। তবে ভারতে সব ধরনের অশোধিত তেল শোধনের পরিকাঠামো রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ