বুসান: রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই কমিয়ে দিয়েছে ভারত। ফের একই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই ইশ্যুতে ভারতের সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেনি। নয়াদিল্লি বৃহস্পতিবার ফের জানিয়েছে, দেশের স্বার্থের কথা মাথায় রেখেই সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে সরকার। ১৪০ কোটি মানুষের কাছে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখাই মুল লক্ষ্য।
বুসানে চীনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন ট্রাম্প। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গ ওঠে। সেবিষয়ে ট্রাম্প সাফ জানিয়েছেন, চীনের তেল ক্রয় নিয়ে আমেরিকার খুব একটা কিছু করার নেই। ওরা দীর্ঘদিন ধরেই রাশিয়ার থেকে তেল কিনছে। আমরা চীনের সঙ্গে আরও বড় বিষয় নিয়ে কথাবার্তা চালাচ্ছি। তবে ভারত এব্যাপারে খুব ভালো কাজ করছে। উল্লেখ্য, অক্টোবরের মাঝামাঝিতে ট্রাম্প প্রথমবার দাবি করেন, ভারত রাশিয়ার থেকে অপরিশোধিত তেল ক্রয় অনেকটাই কমিয়ে দেবে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আশ্বাস দিয়েছেন। যদিও ভারত কখনও তাঁর এই দাবিতে সরাসরি হ্যাঁ বা না বলেনি। এরমধ্যে মস্কোর উপর চাপ আরও বাড়াতে রাশিয়ার তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। এদিন সেপ্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, মার্কিন পদক্ষেপের কী প্রভাব পড়ে, সেদিকে নজর রাখা হয়েছে। ছবি: পিটিআই