গুমি (দক্ষিণ কোরিয়া): এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ল ভারত। মোট ২৪টি পদক জিতে দ্বিতীয় স্থানে প্রতিযোগিতা শেষ করলেন দেশের অ্যাথলিটরা। এর মধ্যে রয়েছে ৮টি সোনা, ১০টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ। গতবার এই আসরে ২৭টি পদক জিতেছিল ভারত। তবে সোনা ছিল ৬টি। এবার পদক সংখ্যা কমেছে। তবে ৮টি সোনার সৌজন্যে অতীতের সাফল্যকে ছাপিয়ে গেলেন শচীন যাদব, পারুল চৌধুরিরা। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ভারতীয় অ্যাথলেটিকস কর্তাদের মধ্যে।
অনিমেশ খুজুরের ব্রোঞ্জ পদক দিয়ে শনিবার অভিযান শুরু করে ভারত। পুরুষদের ২০০ মিটারে তৃতীয় স্থানে শেষ করেন তিনি। সময় নেন ২০.৩২ সেকেন্ড। এই ডিসিপ্লিনে ভারত শেষবার পদক জিতেছিল ২০১৫ সালে। সেবার ধরমবীর সিংও ব্রোঞ্জ জিতেছিলেন। নীরজ চোপড়ার অনুপস্থিতিতে জ্যাভেলিন থ্রো ইভেন্টে রুপো জিতলেন শচীন যাদব। তিনি ছোড়েন ৮৫.১৬ মিটার। সোনা জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম (৮৬.৪০ মিটার)। এছাড়া মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পদক জেতেন ভিথিয়া রামরাজ। সময় নেন ৫৬.৪৬ সেকেন্ড। এছাড়া ৮০০ মিটার দৌড়ে ২ মিনিট ১.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন পূজা সিং। মহিলাদের ৪×১০০ মিটার রিলেতে রুপো পান আবিনায়া, স্নেহা, শ্রাবণী, নিত্যারা। মহিলাদের ৫ হাজার মিটার দৌড়ে রুপো পান পারুল চৌধুরি। সময় নেন ১৫ মিনিট ১৫.৩৩ সেকেন্ড। এর আগে ৩ হাজার মিটার স্টিপলচেজেও রুপো জিতেছিলেন তিনি।