Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

অবশেষে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন, স্টারমারকে শুভেচ্ছা মোদির

দীর্ঘ অপেক্ষার অবসান। মঙ্গলবার বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করল ভারত-ব্রিটেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জেরে বাণিজ্যের পাশাপাশি শক্তিশালী হবে দুই দেশের অর্থনীতি।

অবশেষে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন, স্টারমারকে শুভেচ্ছা মোদির
  • ৭ মে, ২০২৫ ১৮:০৫
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: দীর্ঘ অপেক্ষার অবসান। মঙ্গলবার বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করল ভারত-ব্রিটেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জেরে বাণিজ্যের পাশাপাশি শক্তিশালী হবে দুই দেশের অর্থনীতি। ২০২২ সালের জানুয়ারি প্রথমবার এই চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। গত শুক্রবার লন্ডনে এবিষয়ে বৈঠক করেন দুই দেশের শিল্প ও বাণিজ্যমন্ত্রীরা। কয়েকদিনের মধ্যেই বাস্তবে পরিণত হল এই চুক্তি। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর এটাই ব্রিটেনের সবথেকে গুরুত্বপূর্ণ বাণিজ্য। ব্রিটেনে বসবাস করেন কমপক্ষে ১৯ লক্ষ ভারতীয়। বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ায় দুই গণতন্ত্রের মধ্যে অংশীদারিত্ব আরও উন্নত হবে। বস্ত্র, সমুদ্রাজত পণ্য, লেদার, জুতো, রত্ন ও অলঙ্কার, খেলার সরঞ্জাম ও খেলনা রপ্তানিতে সুবিধা পাবে ভারত। আইটি, শিক্ষা ও আর্থিক পরিষেবা ক্ষেত্রগুলিও এই চুক্তিতে উপকৃত হবে।

Advertisement

সরকারি সূত্রে খবর, মঙ্গলবার এবিষয়ে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেই এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে কথা বললাম। ভারত আর ব্রিটেন এই ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এর জেরে আমাদের কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় হবে।’ বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন স্টারমারও। তিনি বলেন, ‘আমরা বাণিজ্য আর অর্থনীতির এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। আজ ভারতের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সম্পন্ন করলাম। এর জেরে উন্নত হবে দেশের অর্থনীতি।’ একই বার্তা শোনা গেল ব্রিটেনের বাণিজ্য ও শিল্পমন্ত্রী জনাথন রেনল্ডসের বক্তব্যে। তাঁর কথায়, ‘অনিশ্চয়তার এই সময়ে বিশ্বব্যাপী বাণিজ্য নিয়ে এমন বাস্তববাদী পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘দুই বৃহত্তর অর্থনীতির মধ্যে সম পরিমাণ বাণিজ্যের ভিত তৈরি করবে এই চুক্তি।’
মুক্ত বাণিজ্য চুক্তির জেরে ভারতের বাজারে বাড়তি সুবিধা পাবে ব্রিটিশ বাণিজ্যিক সংস্থাগুলি। অটোমোবাইল, অ্যালকোহল সহ বহু পণ্যে শুল্ক কমবে। হিসেব বলছে, চুক্তি চালু হলে শুল্ক বাবদ ৪০ কোটি পাউন্ড ছাড় দেবে ভারত।  একইসঙ্গে ব্রিটেনে বসবাসকারী অস্থায়ী ভারতীয় কর্মীদের তিন বছর সামাজিক সুরক্ষার জন্য কোনও টাকা দিতে হবে না।  
দুই দেশের মধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিআইআই প্রেসিডেন্ট সঞ্জীব পুরী। তিনি বলেন, ‘এই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন করার জন্য দুই দেশকে সাধুবাদ জানাচ্ছি। প্রত্যেক অংশীদারের সঙ্গে একজোট হয়ে কাজ করব।’

সম্পর্কিত সংবাদ