Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফের পাক বধ, সুপার এইটে ভারত

পাকিস্তানের দৌড় হাঁকডাক পর্যন্তই। ক্রিকেট মাঠে ভারতের কাছে নেহাত দুধেভাতে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। রবিবার তারই প্রমাণ মিলল কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।

ফের পাক বধ, সুপার এইটে ভারত
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ বসু, কলকাতা: পাকিস্তানের দৌড় হাঁকডাক পর্যন্তই। ক্রিকেট মাঠে ভারতের কাছে নেহাত দুধেভাতে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। রবিবার তারই প্রমাণ মিলল কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে সহজেই জিন্নার দেশকে কচুকাটা করল টিম ইন্ডিয়া। জয় এল ৬১ রানে। শুধু তাই নয়, এই দুই পয়েন্টের সৌজন্যে সুপার এইট নিশ্চিত করল সূর্যকুমার যাদবের দল। 

Advertisement

অতিরিক্ত বাংলাদেশ প্রীতি দেখিয়ে ভারতের বিরুদ্ধে ‘খেলব না, খেলব না’ বলে নাটক করে পাকিস্তান। রবিবার বোঝা গেল, কেন এই পথ বেছে নেওয়া। হারতে হারতে হারান হয়ে উঠেছেন সলমন আগারা। টি ২০ ফরম্যাটে ৭-১ যে কলম্বোয় ৮-১ হবে, তা ক্রিকেট বোদ্ধাদের মত তাঁরাও জানতেন। তাই ‘পালিয়ে যাওয়াই’ ছিল পাকিস্তানের লক্ষ্য। কিন্তু বাস্তবে তা হয়নি। পাক সরকারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত মহাম্যাচ খেলেন শাহিন শাহ আফ্রিদিরা। এবং হারই লেখা ছিল তাঁদের কপালে। রবিবার বিপক্ষের সঙ্গে করমর্দনের সৌজন্য দেখায়নি টিম ইন্ডিয়া। যে দেশ জন্ম নেওয়ার পর থেকেই ভারত বিদ্বেষী, তাদের প্রতি স্পোর্টসম্যান স্পিরিট দেখানোর যৌক্তিকতা কোথায়? 
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। শুরুতেই চমক। অধিনায়ক সলমন আগা হাতে বল তুলে নেন। আসলে প্রেমদাসা স্টেডিয়ামের মন্থর পিচ স্পিনারদের সহায়ক। তাই এই সিদ্ধান্ত। প্রথম ওভারেই ডাগ-আউটে ফেরেন অভিষেক শর্মা। প্রারম্ভিক ধাক্কা সামলে টিম ইন্ডিয়াকে পথ দেখান ঈশান কিষান। দুরন্ত পুলে শাহিন আফ্রিদিকে বিশাল ছক্কা মেরে তিনি বুঝিয়ে দেন, ‘হামারা হিন্দুস্তান জিন্দাবাদ থা, জিন্দাবাদ হ্যায় অওর জিন্দাবাদ রহেগা’। পাক অধিনায়ক সলমন আগা একের পর এক স্পিনারকে আক্রমণে নিয়ে এসে বিপক্ষের রান তোলার গতি শ্লথ করে তোলার চেষ্টায় ছিলেন। কিন্তু তিলককে সঙ্গে নিয়ে ঈশান তাতে জল ঢেলে দেন। মাত্র ৪০ বলে ৭৭ রান তারই প্রমাণ। ১০টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে ইনিংস সাজিয়েছেন তিনি। খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট ক্রমশ মন্থর হতে থাকে। তিলক ভার্মা (২৫) ও অধিনায়ক সূর্যকুমার যাদবের (৩২) দায়িত্বশীল ব্যাটিং ভারতকে লড়াকু পুঁজির দিকে পৌঁছে দেয়। তবে রান পাননি হার্দিক পান্ডিয়া। ইনিংসের শেষ পর্বে শিবম দুবে(২৭) ও রিঙ্কু সিংয়ের (১১ নট আউট) লড়াই টিম ইন্ডিয়াকে পৌঁছে দেয় ১৭৫ রানে। 
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই একের পর এক ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের পঞ্চম বলেই ফেরেন ফর্মে থাকা শাহিবজাদা ফারহান। এরপর দ্বিতীয় ওভারে দু’টি উইকেট দখল করেন যশপ্রীত বুমরাহ। দ্রুত তিনটি উইকেট পড়ায় রান তোলার গতি কাঙ্ক্ষিত ছন্দ পায়নি। এরইমধ্যে অক্ষর প্যাটেলের বলে ক্লিন বোল্ড বাবর আজম। তখনই জয়ের গন্ধ পেতে শুরু করে কাশ্মীর থেকে কন্যাকুমারি। মাঝে উসমান খান (৪৪) দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরিকল্পিত বোলিংয়ের  সৌজন্যে পাকিস্তান বধের চিত্রনাট্য লিখে ফেলে গম্ভীর-ব্রিগেড। এরপর নওয়াজ-আবরারদের কাজ ছিল আয়ারাম-গয়ারামের চরিত্রে অভিনয়। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। দু’টি করে উইকেট ঝুলিতে পুরেছেন হার্দিক, বুমরাহ, অক্ষর, বরুণ। 
এই লজ্জা কোথায় লুকাবেন পাক ক্রিকেট কর্তা মহসিন নাকভি? 

Advertisement
সম্পর্কিত সংবাদ