নয়াদিল্লি: বিতর্কিত সীমান্ত সমস্যা মিটিয়ে পারস্পরিক আস্থা বৃদ্ধিতে আগ্রহী নয়াদিল্লি ও বেজিং। ২০২০ সালে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ১ লক্ষ সেনা মোতায়েন করেছিল লাল ফৌজ। জিনপিংয়ের দেশকে সেখান থেকে দ্রুত সেনা সরানোর আর্জিও জানাবে নয়াদিল্লি। সোমবার ভারত সফরে আসছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং উই। দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন তিনি। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে সীমান্ত সমস্যা। সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে একাধিক পদক্ষেপের কথা আলোচনা করবেন দু’জনে। মাসের শেষে এসসিও সম্মেলনে অংশ নিতে চীনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে।



