শিলং, ১১ জুন: মধুচন্দ্রিমায় ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা। এই মুহূর্তে দেশজুড়ে চর্চায় রয়েছে এই নক্কারজনক ঘটনা। অভিযুক্ত নববধূ সোনম রঘূবংশী পুলিস হেফাজতে। তাঁকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। সেই প্রসঙ্গেই এবার সামনে এল বিস্ফোরক এক তথ্য। জানা যাচ্ছে, ভাড়ার খুনি ব্যর্থ হলে নিজেই পাহাড় থেকে স্বামীকে ধাক্কা দিতেন।
শুনতে সিনেমার মতো হলেও ঘটনাটি একেবারেই সত্যি। গত ২৩ মে সদ্য বিবাহিতা স্ত্রীর সঙ্গে মেঘালয়ে মধুচন্দ্রিমা সারতে যান রাজা রঘুবংশী। ১০ দিন পর সেখান থেকেই উদ্ধার হয় তাঁর দেহ। জানা যায়, স্ত্রী সোনমও নিখোঁজ। ভাবা হয়েছিল, সোনমও হয়তো কোনও বিপদের মধ্যেই রয়েছেন। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে নিজেই সামনে আসেন তিনি। শুরু হয় তদন্ত। সামনে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, সোনমের প্রেমিক রাজ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। সামনে আসে ভাড়াটে খুনিদের নামও। জানা যায়, বিশাল, আনন্দ এবং আকাশ নামে তিনজন যুবক সোনমের স্বামী রাজাকে খুন করেছে। এরা তিনজনই সোনমের প্রেমিক রাজের বন্ধু।
তবে স্বামীকে খুন করা নিয়ে এতটাই মরীয়া ছিলেন সোনম যে, কোনওভাবে ভাড়ার খুনিরা ব্যর্থ হলে নিজেই পাহাড় থেকে ধাক্কা দিয়ে স্বামীকে খুন করতেন বলে জানা গিয়েছে। ছবি তোলার অছিলায় স্বামীকে খাদের ধারে নিয়ে গিয়ে ধাক্কা মারার ছকও কষেছিলেন তিনি। এই পরিকল্পনার কথা এবং এই ধরনের আরও কিছু বিস্ফোরক তথ্য সামনে এসেছে। যার উৎস প্রেমিক রাজ ও সোনমের হোয়াটস্যাপ চ্যাট। এই সমস্ত পরিকল্পনা বিয়ের মাত্র চারদিনের মধ্যেই করেছিলেন সোনম ও রাজ। এমনকী এইসব নিয়ে নিয়মিত কথাও হত তাঁদের মধ্যে। এমনটাই পুলিস সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি এমন দাবিও শোনা যাচ্ছে, এই ঘটনার সঙ্গে তন্ত্রচর্চার যোগ থাকারও না কী সম্ভাবনা রয়েছে। তবে এই নিয়ে পুলিসের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানান হয়নি। ঘটনার তদন্ত চলছে।