দুবাই: বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি! টাইগার বাহিনীকে নাকি স্ট্যান্ড-বাই রাখা হয়েছে। আইসিসি সূত্রে এমনটাই খবর। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে ফের খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তার নীল নকশা নাকি তৈরি করে রেখেছেন জয় শাহরা। সেক্ষেত্রে বিসিবি’র দাবি মতো ম্যাচগুলি শ্রীলঙ্কাতেই হবে। কারণ, সূচি অনুযায়ী পাকিস্তানের ম্যাচগুলি রয়েছে দ্বীপরাষ্ট্রে।
আসলে বিশ্বকাপে খেলা নিয়ে গড়িমসি করছে পাকিস্তান। তাতে ক্ষুব্ধ আইসিসি। কারণ, পকিস্তান হাইব্রিড মডেলে বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কায়। ভারতে নিরাপত্তা নিয়ে তাদের কোনও সমস্যা থাকার কথা নয়। তবুও মহসিন নাকভিরা জলঘোলা করছেন। স্কোয়াড ঘোষণা করেও ঝুলিয়ে রাখা হয়েছে সিদ্ধান্ত। মূলত বাজার গরমের কৌশল। আইসিসি’ও কম যায় না। কাঁটা দিয়ে কাঁটা তোলার বন্দোবস্ত করে ফেলেছে। তবে বিশেষজ্ঞদের মত, বিশ্বকাপ বয়কট করার ধক নেই পাকিস্তানের। তাহলে দেশ থেকে ক্রিকেটটাই উঠে যাবে। বন্ধ হবে দ্বিপাক্ষিক সিরিজ। পিএসএলে বিদেশি ক্রিকেটারদের এনওসি পেতে সমস্যা হবে। তার সঙ্গে থাকবে নির্বাসন ও আর্থিক জরিমানাও। এদিকে, বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ কভারের জন্য ভারতে আসার অনুমতিপ্রদান স্থগিত রাখল আইসিসি। পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।