Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আই লিগের খেতাবি জট খুলল না এখনও

যত কাণ্ড আই লিগে। খেলা শেষ হওয়ার প্রায় দু’মাস পরেও খেতাব নিয়ে জটিলতা অব্যাহত। ফেডারেশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই ফিফায় নালিশ ঠুকেছে ইন্টার কাশী।

আই লিগের খেতাবি জট খুলল না এখনও
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: যত কাণ্ড আই লিগে। খেলা শেষ হওয়ার প্রায় দু’মাস পরেও খেতাব নিয়ে জটিলতা অব্যাহত। ফেডারেশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই ফিফায় নালিশ ঠুকেছে ইন্টার কাশী। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার রায় এখনও আসেনি। এর মধ্যেই শনিবার কাহিনিতে নতুন টুইস্ট। সর্বভারতীয় ফুটবল সংস্থার আপিল কমিটির সিদ্ধান্তে আরও বেকায়দায় ইন্টার কাশী। তাদের বিপক্ষে অবৈধভাবে ফুটবলার নথিভুক্ত করার অভিযোগ তুলেছিল চার্চিল ব্রাদার্স, নামধারী এফসি ও রিয়াল কাশ্মীর। সেই অভিযোগ খতিয়ে দেখে তিন ক্লাবের পক্ষেই রায় দিয়েছে আপিল কমিটি। অর্থাৎ কাশীর বিরুদ্ধে এই তিন দল পুরো পয়েন্ট পাবে। পাশাপাশি পয়েন্ট কাটা যাবে আন্তনিও লোপেজ হাবাস ব্রিগেডের। তবে ইন্টার কাশী টিম ম্যানেজমেন্ট হাল ছাড়তে নারাজ। ফের যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। আপিল কমিটির রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের ফিফায় যাওয়ার সিদ্ধান্ত পাকা। বিবৃতি দিয়ে তা জানিয়েও দিয়েছে কাশীর থিঙ্কট্যাঙ্ক। সবমিলিয়ে জটিলতা চরমে। সূত্রের খবর, কাশীর বিদেশি ফুটবলার মারিও বার্কোকে নিয়েই সমস্যার সূত্রপাত। অভিযোগ, তাঁর রেজিস্ট্রেশন একবার বাতিল করার পর ফের নথিভুক্ত করায় কাশী, যা পুরোপুরি আইন বিরুদ্ধ। আর তা নিয়েই ফেডারেশনে অভিযোগ দায়ের করে তিন ক্লাব।

Advertisement

আই লিগের চ্যাম্পিয়ন দল সরাসরি আইএসএলের টিকিট পায়। কিন্তু চলতি মরশুমে কারা খেতাব জিতবে তা এখনও নিশ্চিত নয়। চার্চিল ও ইন্টার কাশী ম্যানেজমেন্টও ধোঁয়াশার মধ্যে রয়েছে। গত ৬ এপ্রিল শেষ হয়েছে আই লিগ। কিন্তু জট কাটাতে ব্যর্থ সর্বভারতীয় ফুটবল সংস্থা। এআইএফএফ কর্তাদের উপর ক্ষোভে সুপার কাপও বয়কট করে চার্চিল ব্রাদার্স। কিন্তু লাভ কিছুই হয়নি। শনিবার সরকারিভাবে ফুটবল ২০২৪-২৫ মরশুম শেষ হলেও সমস্যার কোনও সমাধান হল না।

Advertisement
সম্পর্কিত সংবাদ