Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিচ্ছেদ উদ্‌যাপন, বালতি বালতি দুধে স্নান করলেন স্বামী

স্ত্রী যখন প্রথমবার প্রেমিকের সঙ্গে ঘর ছাড়েন, তখন অপমানিত বোধ করেছিলেন মানিক আলি। তবে ভালোবাসাবশত তাঁকে ঘরে ফিরিয়ে নিতে দেরি করেননি।

বিচ্ছেদ উদ্‌যাপন, বালতি বালতি দুধে স্নান করলেন স্বামী
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: স্ত্রী যখন প্রথমবার প্রেমিকের সঙ্গে ঘর ছাড়েন, তখন অপমানিত বোধ করেছিলেন মানিক আলি। তবে ভালোবাসাবশত তাঁকে ঘরে ফিরিয়ে নিতে দেরি করেননি। দ্বিতীয়বার যখন স্ত্রী আবার ঘর ছাড়েন, তখন ধৈর্যের বাঁধ ভাঙে। এরপর পত্নীর সঙ্গে আলোচনা করেই আইনি পথে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। কাঙ্খিত সেই বিচ্ছেদের খবর পেয়েই অভিনব কাণ্ড ঘটালেন মানিক। স্নান করলেন বালতি বালতি দুধে। তাঁর সেই স্নানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নানা সরস মন্তব্য ভেসে এসেছে। অনেকেই তাঁকে সমর্থন করেছেন। বিয়ের পর থেকে অন্যরকম দাম্পত্যে দিন কাটছিল অসমের নলবাড়ির বাসিন্দা মানিক আলির। তাঁর ভালোবাসায় কোনও খামতি নেই। তবে স্ত্রীর মন যে উড়ুউড়ু! কেবলই পালিয়ে যান প্রেমিকদের সঙ্গে। এবার তাই মনেপ্রাণে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন। তাই আইনি ছাড়পত্র মেলার খবর পেতেই দুধ-স্নানে নিজেকে শুদ্ধ করলেন মানিক। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির বাইরে একটি পলিথিনের উপর দাঁড়িয়ে তিনি দুধে স্নান করছেন। পাশে তিনটি বালতিতে রাখা আরও দুধ। সেগুলি তুলে গায়ে ঢালছেন। আর বলছেন, ‘আজ থেকে আমি স্বাধীন।’ সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘আইনজীবী আমাকে জানিয়েছেন, শনিবার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। এখন আমি দুধে স্থান করে স্বাধীনতা উদ্‌যাপন করছি।’  দুধ দিয়ে স্নান করছেন মানিক আলি। ছবি: নেটমাধ্যম

Advertisement
সম্পর্কিত সংবাদ