দুবাই: হরমুজ প্রণালী নিয়ে টানাপোড়েন অব্যাহত। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিয়ন্ত্রণ ছাড়তে নারাজ ইরান। পালটা সোমবার থেকে সংকীর্ণ জলপথটি অবরোধ করে রেখেছে আমেরিকাও। সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের বন্দরে যাতায়াতকারী অন্তত আটটি জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে মার্কিন সেনা। সংবাদমাধ্যমটির দাবি, রেডিওর মাধ্যমে জাহাজগুলির ক্রুর সঙ্গে যোগাযোগ করে তাদের ফিরে যেতে বলে মার্কিন বাহিনী। সেই আদেশ মেনে নিয়ে পিছু হটে জাহাজগুলি। সূত্রের খবর, ওই আট জাহাজের মধ্যে রয়েছে ইরানের চাবাহার বন্দর থেকে রওনা দেওয়া দুটি তেলবাহী ট্যাঙ্কার। চীনের সাংহাই জুয়ানরান শিপিং কোম্পানির জাহাজ রিচ স্ট্যারিকেও ফিরে যেতে হয়েছে বলে খবর। আগেই রিচ স্ট্যারির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা।
অন্যদিকে ইরানের দাবি, মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ পার করেছে তিনটি ট্যাঙ্কার। এরমধ্যে রয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার ক্রিশ্চিয়ানা। ইরানের ইমাম খোমেইনি বন্দরে ভুট্টা নিয়ে এসেছিল জাহাজটি। সোমবার মার্কিন নিষেধাজ্ঞা জারির ২ ঘন্টা পরে সেটি হরমুজ পার করেছে। প্রায় একই সময়ে কোমোরোসের পতাকাবাহী ট্যাঙ্কার এলপিসও হরমুজ পার করেছে। ওই ট্যাঙ্কারে রয়েছে ৩১ হাজার টন মিথানল। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের একটি তেলের ট্যাঙ্কারও নির্দিষ্ট বন্দরে গিয়ে নোঙর করেছে। মুম্বইয়ের ইরান দূতাবাসের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। তেহরানের দাবি, ট্র্যাকার বন্ধ না করেই আন্তর্জাতিক জলপথ ও হরমুজ প্রণালী পেরিয়ে ট্যাঙ্কারটি ইরানের বন্দরে ভিড়েছে।
মার্কিন প্রশাসন সূত্রে দাবি, হরমুজ প্রণালী অবরোধ করতে ১৫টির বেশি যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনাকর্মী মোতায়েন করেছে মার্কিন সেনা। পাশাপাশি হরমুজকে মাইন মুক্ত করার অভিযানও চলছে। এই কাজে মোতায়েন করা হয়েছে দুটি নেভি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারকে।