নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রথমবার ফ্ল্যাট বা বাড়ি কেনা কিংবা গৃহনির্মাণের ক্ষেত্রে ইপিএফ গ্রাহকদের আরও সুবিধা দিতে চলেছে কেন্দ্র। ইপিএফও সূত্রে জানানো হয়েছে, পাঁচ বছর নয়। একটানা তিন বছর গ্রাহক হলেই ঘরবাড়ি নির্মাণ কিংবা ক্রয়ের জন্য নিজের প্রভিডেন্ট ফান্ড তহবিল থেকে টাকা তুলতে পারবেন বেসরকারি সংস্থা-প্রতিষ্ঠানের কর্মচারীরা। এক্ষেত্রে নিজের পিএফ অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত অর্থ তুলতে পারবেন গ্রাহকরা। এই সুবিধা মিলবে একবারই। ইপিএফও সূত্রে আরও জানানো হয়েছে যে, শুধুমাত্র ঘরবাড়ি, ফ্ল্যাট কেনা কিংবা নির্মাণ নয়। প্রথমবার কেনা বাড়ি বা ফ্ল্যাটের ইএমআই মেটানোর ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে। সরকারি সূত্রে ব্যাখ্যা করা হয়েছে, অতীতে প্রথমবার ঘরবাড়ি কেনা কিংবা গৃহনির্মাণের সময় একাধিক সমস্যার সম্মুখীন হতে হতো ইপিএফ গ্রাহকদের। সদস্য হওয়ার অন্তত পাঁচ বছর অতিক্রান্ত না হলে এই ব্যাপারে কোনওরকম আবেদনই করতে পারতেন না তাঁরা। আবেদন করলেও তা গ্রাহ্য হতো না। নয়া ব্যবস্থায় কর্মী পিএফ গ্রাহকদের সমস্যার অনেকাংশেই সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি অবশ্য গৃহ ঋণ, শিক্ষা, চিকিৎসা এবং বৈবাহিক কারণে ইপিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে ‘অটোক্লেম’-এর ঊর্ধ্বসীমা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। ‘অটোক্লেম’-এর পরিমাণ এক লক্ষ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে পাঁচ লক্ষ টাকা।



