Bartaman Logo
৯ জুন, ২০২৬

টানা বর্ষণে বিধ্বস্ত হিমাচল! মানালি-লে সড়কে ধস, বন্ধ যান চলাচল, ভাঙল বাড়ি, হোটেল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। হড়পা বান ও ধসে বিধ্বস্ত মানালি। ভেসে গিয়েছে একাধিক দোকান। ভেঙে পড়েছে বহুতল হোটেল, বাড়ি। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

টানা বর্ষণে বিধ্বস্ত হিমাচল! মানালি-লে সড়কে ধস, বন্ধ যান চলাচল, ভাঙল বাড়ি, হোটেল
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সিমলা: টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। হড়পা বান ও ধসে বিধ্বস্ত মানালি। ভেসে গিয়েছে একাধিক দোকান। ভেঙে পড়েছে বহুতল হোটেল, বাড়ি। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সতর্ক করা হয়েছে বাসিন্দাদের। রাজ্যের প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে প্রশাসন। তবে কোনও প্রাণহানির খবর মেলেনি।

Advertisement

লাগাতার বৃষ্টিতে বিপাশা নদীর জলস্তর বেড়েছে। এতে পরিস্থিতি আরও মারাত্মক হয়েছে। ভেসে গিয়েছে মানালির একটি বিখ্যাত হোটেলের একাংশ। শহরের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। এছাড়া মানালি-লে জাতীয় সড়কের বহু জায়গা ধসে গিয়েছে। ধস নেমেছে আরও একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়। রাজ্যজুড়ে অন্তত ৭৯৫টি রাস্তা বন্ধ। তাতে সমস্যায় পড়েছেন মূলত পর্যটকরা। অনেকেই পাহাড়ি এলাকায় আটকে পড়েছেন। কিন্তু সড়কপথ অবরুদ্ধ হওয়ায় কেউ ফিরতে পারছেন না। এদিকে, খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে একাধিক উড়ান। সবমিলিয়ে হিমাচলে আটকে পড়া পর্যটকরা সমস্যার মুখে পড়েছেন। 
মানালির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এসেছে মান্ডি জেলা থেকেও। ধসের ফলে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানকার প্রায় ৪০টি দোকান ও দুটি বাড়ি। যদিও বাড়িগুলি খালি থাকায় প্রাণহানি এড়ানো গিয়েছে। অন্যদিকে, একাধিক ট্রান্সফরমার অচল হওয়ায় ব্যাহত বিদ্যুৎপরিষেবা। পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন কাংড়া, চাম্বা ও লাহুল-স্পিতি জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কমলা সতর্কতা জারি হয়েছে মান্ডি, কুল্লু, সোলান, সিমলা, বিলাসপুর, উনা, হামিরপুর ও বানজারে।

সম্পর্কিত সংবাদ