ফিরদৌস হাসান, শ্রীনগর: পরপর ঠায় দাঁড়িয়ে অন্তত এক হাজার ট্রাক। তাতে বোঝাই করা বাক্স বাক্স আপেল। এক-দু’ঘণ্টা নয়, প্রায় দু’সপ্তাহ ধরে এইভাবেই শ্রীনগর-জম্মু হাইওয়ের উপর দাঁড়িয়ে রয়েছে ট্রাকগুলি। এর ফলে দেশজুড়ে ব্যাহত হয়েছে কাশ্মীরি আপেলের জোগান। জম্মু ও কাশ্মীরের আপেল চাষিদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে প্রায় ২ হাজার কোটি টাকার বেশি আপেল নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু কেন এমন পরিস্থিতি? জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ও খারাপ আবহাওয়ার কারণে আগস্টের শেষ দিক থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ওই হাইওয়ে সম্পূর্ণ বন্ধ ছিল। পরে আংশিকভাবে তা খোলা হয়েছে। তবে কেবল ছোট গাড়ি চলাচলের জন্য। ফলে আটকে পড়েছে ভারী ট্রাকগুলি। কৃষকরা জানিয়েছেন, অধিকাংশ ট্রাকেই রয়েছে ভালো মানের আপেল। সংরক্ষণের অভাবে সেগুলিতে পচন ধরতেও শুরু করেছে। এর ফলে লাভবান হয়েছে হিমাচল প্রদেশের আপেল ব্যবসায়ীরা। কাশ্মীরি আপেলের জোগান কমে যাওয়ায় হিমাচলে আপেলের দাম প্রায় ৪০ শতাংশ বেড়ে গিয়েছে বলে খবর। গত বছর রয়্যাল ডেলিশিয়াস আপেলের দাম ছিল বাক্স প্রতি দেড় হাজার টাকা। এ বছর তা আড়াই হাজার টাকায় পৌঁছে গিয়েছে।



