নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্য চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার। এই আবহে কিছুটা হলেও ভালো খবর শোনাল হাইকোর্ট। শুক্রবার এই মামলার রায় দিয়ে হাইকোর্ট জানিয়েছে, শিক্ষামিত্ররা ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন।
বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সাধারণ শিক্ষকদের মতো শিক্ষামিত্রদেরও ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার রয়েছে। সিঙ্গল বেঞ্চ ওই মর্মে যে রায় দিয়েছিল, সেটাই বহাল থাকবে। হাইকোর্টের নির্দেশ, বকেয়া বেতন মিটিয়ে ওই শিক্ষামিত্রের কাজে ফেরাতে হবে রাজ্যকে।
ঘটনা হল, ২০০৪ সালে সর্বশিক্ষা মিশনের আওতায় শিক্ষামিত্র নিয়োগ করেছিল রাজ্য। মূলত পিছিয়ে পড়া এবং স্কুলছুট ছাত্রছাত্রীদের স্কুলে ফেরানো এবং ওইসব পড়ুয়ার পড়াশোনা দেখভালের দায়িত্ব ছিল শিক্ষামিত্রদের উপর। ওই কাজের জন্য তাঁদের প্রতি মাসে ২,৪০০ টাকা করে বেতন পেতন তাঁরা। ২০১৩ সালে শিক্ষামিত্রদের পদ পরিবর্তন করে তাঁদের ‘স্বেচ্ছাসেবক’ ঘোষণা করে রাজ্য। পরের বছর, ২০১৪ সালে তাঁদের ভাতা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। নির্দেশে জারি করে বলা হয়, ৬০ বছরের আগেই তাঁদের চাকরি থেকে অবসর নিতে হবে। রাজ্যের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষামিত্রদের একাংশ। ২০২৩ সালের ২৬ এপ্রিল বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর সিঙ্গল বেঞ্চ রাজ্যের ওই সিদ্ধান্ত খারিজ করে দেয়। সিঙ্গল বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। শুক্রবার শুক্রবার রাজ্যের সেই আবেদন খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।