


চণ্ডীগড় ও জয়পুর: ‘পঞ্চনদের দেশ’ থেকে থর মরুভূমির রুক্ষ প্রান্তর... প্রস্তুতির চিত্র সর্বত্রই। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির আবহে সম্পূর্ণভাবে অ্যালার্ট জারি করা হল পাঞ্জাব ও রাজস্থানে। দুই রাজ্যেই সীমান্তবর্তী জেলাগুলিতে স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে পুলিসকর্মী ও প্রশাসনিক কর্তাদের ছুটি। উত্তেজনার এই আবহেই অমৃতসর-বাটালা রোডের ধারে চাষের জমি থেকে মিসাইলের মতো দেখতে রহস্যজনক বস্তু উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন জেথুওয়াল গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা জানান, রাত দেড়টা নাগাদ ক্ষেপণাস্ত্রের মতো দেখতে রহস্যজনক বস্তুর অংশ ভেঙে পড়ে। পুলিসের এক আধিকারিক জানান, বিস্ফোরণের কোনও শব্দ পাওয়া যায়নি। প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি। পুলিস ও ফরেন্সিক টিম বস্তুটি পরীক্ষা করে দেখছে। সেনাবাহিনীর আধিকারদেরও এবিষয়ে অবগত করা হয়েছে।
পাকিস্তানের সঙ্গে ৫৩২ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে পাঞ্জাবে। পুলিসের ডিজির দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, পাঞ্জাব পুলিসের সব অফিসার ও কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। ৭ মে থেকে এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। এছাড়া, পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে সীমান্তবর্তী ছয় জেলা ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, অমৃতসর, গুরদাসপুর ও তারণ তরণের সব স্কুল বন্ধ রাখা হয়েছে। রাজ্যের মন্ত্রী আমন অরোরা বলেন, সীমান্তবর্তী সব জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে সমস্ত সরকারি অনুষ্ঠান। সেকেন্ড লাইন অব ডিফেন্স হিসেবে পাঞ্জাব পুলিস সম্পূর্ণভাবে প্রস্তুত। পাকিস্তান হামলা করলে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে কড়া জবাব দিতে তৈরি পুলিস।
একই চিত্র রাজস্থানেও। এই রাজ্যে পাকিস্তানের সঙ্গে ১ হাজার ৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। সীমান্তবর্তী চার জেলা শ্রী গঙ্গানগর, বিকানির, জয়সলমির ও বারমেরে সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। উত্তেজনার আবহে সব পুলিসকর্মীর ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। পুলিস ও প্রশাসনের শীর্ষ অফিসারদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মুখ্য সচিব সুধাংশ পন্থ এবং ডিজিপি ইউ আর সাহু।