Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এক ক্লিকেই বিপদে সাহায্য, জানা যাবে যানজটের হালও

বিপদে পড়েছেন? পুলিশের সাহায্য প্রয়োজন? স্মার্টফোনের টাচস্ক্রিনে এবার আঙুল ছোঁয়ালেই কল চলে যাবে ইমার্জেন্সি নম্বরে! ফোন হারিয়ে গিয়েছে, চুরি গিয়ে মানিব্যাগ বা অন্য কিছু? না, এবার আর জেনারেল ডায়েরি করার জন্য থানায় দৌড়তে হবে না।

এক ক্লিকেই বিপদে সাহায্য, জানা যাবে যানজটের হালও
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিপদে পড়েছেন? পুলিশের সাহায্য প্রয়োজন? স্মার্টফোনের টাচস্ক্রিনে এবার আঙুল ছোঁয়ালেই কল চলে যাবে ইমার্জেন্সি নম্বরে! ফোন হারিয়ে গিয়েছে, চুরি গিয়ে মানিব্যাগ বা অন্য কিছু? না, এবার আর জেনারেল ডায়েরি করার জন্য থানায় দৌড়তে হবে না। বাড়ি বসেই দায়ের করা যাবে অভিযোগ। নাগরিকদের কথা ভেবে এবার এমনই অভিনব উদ্যোগ নিয়েছে বিধাননগর কমিশনারেট। সব কিছু এবার মিলবে ‘হাতের মুঠোয়’। কারণ, এমনই এক ইউজার ফ্রেন্ডলি মোবাইল অ্যাপ চালু করেছে কমিশনারেট, যেখানে জরুরি রেসপন্স ছাড়াও দিনভর মিলবে ট্রাফিকের আপডেট। কোথায় যানজট, কোথায় রাস্তা বন্ধ, তা জানা যাবে বাড়িতে বসেই।

Advertisement

কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, এই নতুন মোবাইল অ্যাপের নাম রাখা হয়েছে ‘বিধাননগর পুলিশ’। গুগল প্লে স্টোর থেকে ‘Bidhannagar Police’ নামে সার্চ করে তা ডাউনলোড করা যাচ্ছে। তবে, নাগরিকদের সুবিধার জন্য বিধাননগর কমিশনারেটের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাপের একটি লিংক দেওয়া হয়েছে। যেখানে ক্লিক করে ডাউনলোড করা যাবে অ্যাপটি। ইমার্জেন্সি পরিস্থিতির জন্য অ্যা঩পের একেবারে উপরেই রাখা হয়েছে ‘এসওএস’ অপশন। যদি কেউ বিপদে পড়েন, তাহলে ওই অপশনটি স্পর্শ করলেই স্বয়ংক্রিয়ভাবে ১১২ ইমার্জেন্সি নম্বরে ফোন চলে যাবে। বিপদগ্রস্ত নাগরিকের লোকেশনও চলে যাবে পুলিশের কাছে। ফলে, কুইক রেসপন্স মিলবে।
মোবাইল মিসিং, অন্যান্য জিনিসপত্র হারানোর ব্যাপারে অ্যাপ থেকেই থানায় রিপোর্ট করা যাবে। এই কাজের জন্য আর থানায় যেতে হবে না বাসিন্দাদের। তার জন্য অবশ্য পৃথক অপশন রয়েছে। এছাড়াও, সাইবার সংক্রান্ত বিষয়ে, দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে প্রাথমিক রিপোর্ট পেশ করা যাবে। পাশাপাশি ট্রাফিক চালান পেমেন্ট, এফআইআর ডাউনলোড প্রভৃতি একগুচ্ছ সুবিধা রয়েছে। এখন বিধাননগর কমিশনারেট এলাকায় বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিতে গেলে ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ লাগছে। এই অ্যাপ থেকে ওই সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। এমনকি, পাসপোর্টের জন্য ভেরিফিকেশন সংক্রান্ত বিষয় এই অ্যাপের স্ট্যাটাস থেকে জানা যাবে।
অ্যাপের মধ্যে বিধাননগর কমিশনারেটের ১৫টি থানার মোবাইল নম্বর এবং ই-মেল আইডি দেওয়া রয়েছে। ফলে, সকলেরই সুবিধা হবে। সেই সঙ্গে সমস্ত কন্ট্রোল রুমের নম্বর থাকছে। এছাড়াও, ১৪ জন সিনিয়র পুলিশ অফিসারের মোবাইল নম্বর এবং তাঁদের ই-মেল আইডি দেওয়া রয়েছে। শহরে পার্কিং এখন বড়ো ইস্যু। এই অ্যাপ থেকেই নাগরিকরা পার্কিং স্পট খুঁজতে পারবেন। এই অ্যাপে নোটিশ বলে একটি অপশন রয়েছে। সেখানে পুলিশের পক্ষ থেকে সমস্ত নোটিশ দেওয়া থাকবে। এছাড়াও থাকবে ট্রাফিক আপডেট। বিধাননগর কমিশনারেটের অফিশিয়াল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এক্স-হ্যান্ডেল এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংকও রয়েছে। ক্লিক করলেই পুলিশের যাবতীয় বিষয় সেখানে দেখা যাবে।
অর্থাৎ, সব কিছুই এবার হাতের মুঠোয়।

সম্পর্কিত সংবাদ