Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্যাংরা হত্যাকাণ্ডে চার্জ গঠনের শুনানি ৭ আগস্ট

ট্যাংরায় দে পরিবারে নৃশংস হত্যা মামলায় চার্জ গঠনের শুনানির দিন ধার্য হল আগামী ৭ আগস্ট। মঙ্গলবার শিয়ালদহের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক আদালত ওই নির্দেশ দেয়।

ট্যাংরা হত্যাকাণ্ডে চার্জ গঠনের শুনানি ৭ আগস্ট
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাংরায় দে পরিবারে নৃশংস হত্যা মামলায় চার্জ গঠনের শুনানির দিন ধার্য হল আগামী ৭ আগস্ট। মঙ্গলবার শিয়ালদহের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক আদালত ওই নির্দেশ দেয়। এই মামলার বিশেষ সরকারি কৌঁসুলি তপন রায় বলেন, ‘সরকার পক্ষ এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে চায়।’

Advertisement

সম্প্রতি অভিযুক্ত প্রণয় দে তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে জানান, তিনি অসুস্থ। তাই তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। এদিন ছিল সেই আবেদনের শুনানি। সরকারি কৌঁসুলি ওই আর্জির বিরোধিতা করেন। তিনি তাঁর সওয়ালে বলেন, ওই অভিযুক্ত শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে সুস্থ। জেল হাসপাতালেও তাঁর চিকিৎসা চলছে। তা‌ই এই অবস্থায় অভিযুক্তকে মামলা থেকে বাদ দিয়ে শুনানি চালানোর কোনও অর্থ‌ই হয় না। ধৃতের আর্জি বাতিল করে তাঁর বিরুদ্ধে বিচারপর্ব চলুক। যদিও ধৃতের কৌঁসুলি এদিন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক অভিযুক্তের আর্জি খারিজ করে দেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, ১৯ মে বাইপাসে অভিষিক্তা মোড়ের কাছে একটি পিলারে ধাক্কা মারে প্রণয় ও প্রসূন দে’র গাড়ি। ওই ঘটনায় গুরুতর জখম হন প্রণয়, প্রসূন ও প্রণয়ের নাবালক ছেলে। পুলিস ট্যাংরার বাড়ি থেকে প্রণয়ের স্ত্রী সুদেষ্ণা, প্রসূনের স্ত্রী রোমি ও তাঁদের নাবালিকা কন্যার মৃতদেহ উদ্ধার করে। পরে পুলিস অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করে। তদন্ত শেষ করে পুলিস তাঁদের বিরুদ্ধে চার্জশিট দেয় শিয়ালদহ আদালতে। সম্প্রতি শিয়ালদহের নিম্ন থেকে ফাস্ট ট্র্যাক কোর্টে যায় শুনানির জন্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ