নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুচিপাড়া থানা এলাকার এক হস্টেলে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার মামলার শুনানি মুলতুবি হয়ে গেল আইনি গেরোয়। বুধবার কলকাতার বিচার ভবনে মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে ছিল এই মামলার শুনানি। সরকারি আইনজীবী সৈকত পান্ডে জানান, ঘটনার বিষয় নিয়ে কিছু ভিডিও এদিন আদালতের কাছে দেখানোর কথা ছিল। কিন্তু অভিযুক্ত পক্ষের এক কৌঁসুলি দাবি করেন, আইনের বিধান মেনে এ বিষয়ে আদালতে শুনানি হওয়া দরকার। এরপরই আদালত মনে করলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। তখন বিচারক এদিনের মতো এই মামলার শুনানি মুলতুবি করে দেন। ফলে পুলিশের পক্ষ থেকে ল্যাপটপ সহ যে সমস্ত জিনিসপত্র আদালতে নিয়ে আসা হয়েছিল, তা ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। যে সাক্ষী এদিন এসেছিলেন আদালতে সাক্ষ্য দিতে, তিনিও শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হন।



