নিজস্ব প্রতিনিধি, বারাসত: তুলসী মালা সংক্রান্ত ফতোয়া প্রত্যাহার করে নিলেন বারাসতের নবপল্লি যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ইন্দ্রানী দত্ত চক্রবর্তী। নিষেধাজ্ঞা জারির ২৪ ঘণ্টার মধ্যে শনিবার সাংবাদিক সম্মেলন করে দুঃখপ্রকাশও করেন। স্কুল ইউনিফর্মের সঙ্গে ছাত্রীরা কি পরে আসবে, তা তাদের ব্যক্তিগত ও পরিবারের বিষয় বলে জানিয়ে দিলেন।
কোনও ছাত্রী তুলসীর মালা পরে স্কুলে আসতে পারবে না, এই বলে ফতোয়া জারি করেছিলেন প্রধান শিক্ষিকা। স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও সে নির্দেশ দিয়েছিলেন। এই ফতোয়ার পর তোলপাড় পড়ে যায় সর্বত্র। অভিভাবক, স্কুল পরিচালনা কমিটির সভাপতি সহ সব মহলে সমালোচনা শুরু হয়। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয় ‘বর্তমান’ পত্রিকায়। সমালোচনার ঝড় ওঠে। তারপর ইন্দ্রানীদেবী এদিন বলেন, ‘আমার বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে। তুলসীর মালার যাতে অপমান না হয় সে কারণে ইউনিফর্মের সঙ্গে পরে আসতে নিষেধ করেছিলাম। আমি নিজেও কৃষ্ণভক্ত। জগন্নাথদেবের সেবায়েত। স্কুলে দুই ছাত্রী গণ্ডগোল করছিল। সে সময় গলায় থাকা তুলসীর মালা ছিঁড়ে ফেলেছিল। তাই স্বচ্ছতা, শুভ্রতা ও পবিত্রতা রক্ষা করতে চেয়েছিলাম। আমার বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে আমি মর্মাহত ও দুঃখিত।’ তিনি জানান, স্কুলের কোন ছাত্রী ইউনিফর্মের সঙ্গে কি পরে আসবে সেটা তার ও তার পরিবারের বিষয়। স্কুলের শিক্ষিকা বা প্রধান হিসেবে আমার এবং এই প্রতিষ্ঠানের কোনও বক্তব্য নেই। নিজস্ব চিত্র