


ওয়াশিংটন: গভীর রাতে নিঁখুত অপারেশন মার্কিন ডেল্টা ফোর্সের। টের পাওয়ার আগেই দেশ থেকে তুলে আনা হয় সস্ত্রীক মাদুরোকে। তারপর থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। কোথায় রয়েছেন মাদুরো? কেমন আছেন? ক্রমবর্ধমান জল্পনার মাঝেই সামনে এল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বক্তব্য। বলা ভালো, আমেরিকায় বন্দি থাকা অবস্থায় প্রথম বক্তব্য। পরনে কালো জ্যাকেট। হাতে হাতকড়া। দুই অফিসারের সঙ্গে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন মাদুরো। বললেন, ‘হ্যাপি নিউ ইয়ার। গুড নাইট।’
শুক্রবার গভীর রাতে মাদুরোকে বন্দি করার পর তাঁর বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ সহ একের পর অভিযোগ তুলেছেন ট্রাম্প। আমেরিকার আদালতে তাঁর যোগ্য বিচার করা হবে বলেও জানিয়েছেন। এরপরই মাদুরোকে ডিইএ দপ্তরে নিয়ে যাওয়ার সময় সামনে আসে এই ভিডিয়ো।
ট্রাম্প ও মাদুরোর শত্রুতা দীর্ঘদিনের। আগেও একে অন্যকে চালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সেইসূত্রে আরও একটি ভিডিয়ো সামনে এসেছে। ভিডিয়োটি প্রকাশ করেছে খোদ হোয়াইট হাউসই। গত বছরের আগস্ট মাসের ঘটনা। মাদুরোকে গ্রেপ্তার করার জন্য তথ্য চেয়ে পুরস্কারমূল্য বৃদ্ধির ঘোষণা করেছিল আমেরিকা। সেইসময় ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মাদুরো। তিনি বলেছিলেন, ‘আসুন। আমায় তুলে নিয়ে যান। আমি এখানে অপেক্ষা করে আছি। কাপুরুষ।’ তাঁকে বন্দি করার পর সেই ভিডিয়ো সামনে এনে এবার খোঁচা দিল ট্রাম্প প্রশাসন।