সংবাদদাতা, কল্যাণী: দলীয় কার্যালয়ের ভিতর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার হল হরিণঘাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের ঝুলন্ত দেহ। মৃতের নাম রাকেশ পাড়ুই (৩৪)। জানা গিয়েছে, এদিন দুপুরে তৃণমূলের কর্মীরা কার্যালয় থেকে চলে যাওয়ার পর রাকেশ সেখানেই ছিলেন। বিকেলের দিকে তাঁর মা তাঁকে ডাকতে সেখানে গেলে কার্যালয়ের জানলা দিয়ে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর তিনি স্বামীকে ডেকে এনে দরজা ভেঙে ছেলের নিথর দেহ নামান। পরে হরিণঘাটা থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে। পুলিসের প্রাথমিক অনুমান, রাকেশ আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। রাত পর্যন্ত এই বিষয়ে পুলিসের কাছে কোনও অভিযোগও জমা পড়েনি। রাকেশ এক সময় তৃণমূল ছাত্র পরিষদের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন। বর্তমানে তিনি হরিণঘাটায় অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (বিসিকেভি), মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট), ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল এন্ড ফিসারি সাইন্সেস-এর মত শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিসিকেভির মোহনপুর ক্যাম্পাসের মূল গেটের কাছেই ওই ছাত্রনেতার দলীয় কার্যালয় ছিল। সেখান থেকেই এ দিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হরিণঘাটা পুরসভার সবচেয়ে কনিষ্ঠ কাউন্সিলার ছিলেন তিনি। হরিণঘাটা পুরসভার চেয়ারম্যান দেবাশীষ বসু বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। রাকেশ কেন এই চরম সিদ্ধান্ত নিল আমরা এখনো বুঝতে পারছি না। পুলিস তদন্ত করছে।



