Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতিতে রাজি হামাস

গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতিতে রাজি হামাস
  • ৩০ মার্চ, ২০২৫ ১২:০৩
Prefer us on Google

গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতিতে রাজি হামাস জঙ্গিগোষ্ঠী। দুই মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই যুদ্ধবিরতির পথে হাঁটতে চাইছে হামাস। গতকাল, শনিবার এমনটাই জানিয়েছেন হামাস প্রধান খলিল আল হায়া। তিনি জানিয়েছেন, ‘দু’দিন আগেই মিশর এবং কাতারের কাছ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছি। এই প্রস্তাব আমরা গ্রহণও করছি। আশা করি ইজরায়েলরও সম্মতি পাওয়া যাবে। ওদের অসুবিধা হওয়ার কথা নয়।’ সূত্রের খবর, ইজরায়েলও নাকি মিশরের সঙ্গে আলোচনার পর যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। তবে তাঁরা একটি শর্তও দিয়েছে বলে সূত্রের খবর। দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি নিয়ে হামাসের কয়েকটি প্রস্তাব রয়েছে। সূত্রের খবর, এই জঙ্গিগোষ্ঠী জানিয়েছে, তাঁরা ঈদের পর পাঁচজন ইজরায়েলি পণবন্দিকে ছেড়ে দেবে। তার বিনিময়ে ৫০ দিনের যুদ্ধবিরতি চাই। যদিও তেল আবিব পাল্টা কী প্রস্তাব দিয়েছে তা জানা যায়নি। এই বিষয়ে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরে প্রশ্ন করে। যদিও সেই প্রশ্নের কোনও উত্তর দেয়নি নেতানিয়াহুর দপ্তর। আদৌ এই যুদ্ধবিরতি প্রস্তাবে তেল আবিব রাজি হবে কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অপরদিকে ঘরেই আন্দোলনের মুখে পড়েছে হামাস জঙ্গিগোষ্ঠী। বেশ কয়েকদিন ধরেই গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন প্যালেস্তানিরা। সেই কারণেই কী তড়িঘড়ি ফের যুদ্ধবিরতিতে যেতে চাইছে হামাস? প্রশ্ন বিশেষজ্ঞ মহলে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ