পাটনা: বহু টানাপোড়েন পেরিয়ে ক’দিন আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছিল তেজস্বী যাদবের। আর মঙ্গলবার বিহারে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিরোধী মহাজোট শিবির। সেখানেও রীতিমতো ‘তেজস্বী-রাজ’। আরজেডি, কংগ্রেস, ভিআইপি ও বামদলগুলির এই যৌথ ইস্তাহারের নাম ‘তেজস্বী কা প্রণ’। গোদা বাংলায় ‘তেজস্বীর সংকল্প’। সঙ্গে প্রচ্ছদে লালু-পুত্রের বিশাল ছবিও। সেখানে অন্য শরিক নেতাদের মতোই তুলনায় ছোট আকারে রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবিও। প্রচ্ছদের ছবিতে থাকলেও ইস্তাহার প্রকাশের মঞ্চে গরহাজির রইলেন লোকসভার বিরোধী দলনেতা। ফলে বিরোধী জোটের কোন্দলের জেরে ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’য়ের মতোই রাহুল গান্ধীর এই অনুপস্থিতি নিয়েও চর্চা তুঙ্গে। তেজস্বী-রাহুল ‘দোস্তি’র ভবিষ্যৎ ঘিরে জল্পনার মধ্যেই অবশ্য মহাজোট প্রকাশিত ইস্তাহারে ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পরিবার পিছু একটি করে সরকারি চাকরি, মহিলাদের জন্য মাসে আড়াই হাজার করে ভাতা, প্রতিটি পরিবারের জন্য মাসে ২০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ এবং মহাজোট ক্ষমতায় এলে সংসদে পাশ হওয়া সংশোধিত ওয়াকফ আইন বিহারে চালু না হতে দেওয়ার প্রতিশ্রুতি। এছাড়া, স্নাতক ও স্নাতকোত্তর পাশ বেকার যুবক-যুবতীদের জন্য ভাতা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তেজস্বী। নীতীশ কুমার সরকারের আমলে মদের উপর জারি হওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েও ভাবনা-চিন্তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।



