Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বর্ণ ব্যবসায়ী খুন কাণ্ড: বিডিওর আগাম জামিনকে চ্যালেঞ্জ, হাইকোর্টে পুলিশ

স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। ওই ঘটনায় গত ২৬ নভেম্বর তিনি বারাসত জেলা আদালত থেকে আগাম জামিন পেয়েছেন। কিন্তু, নিম্ন আদালতের সেই আগাম জামিনকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ হল বিধাননগর পুলিশ।

স্বর্ণ ব্যবসায়ী খুন কাণ্ড: বিডিওর আগাম জামিনকে  চ্যালেঞ্জ, হাইকোর্টে পুলিশ
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বিধাননগর: স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। ওই ঘটনায় গত ২৬ নভেম্বর তিনি বারাসত জেলা আদালত থেকে আগাম জামিন পেয়েছেন। কিন্তু, নিম্ন আদালতের সেই আগাম জামিনকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ হল বিধাননগর পুলিশ। হাইকোর্টে এই আবেদন জমা পড়েছে মঙ্গলবার। অভিযোগ, বিডিও নাকি ‘জাল নথি’ পেশ করে নিম্ন আদালতে জামিন পেয়েছেন! শীঘ্রই হাইকোর্টে এই আবেদনের শুনানি হতে চলেছে। সূত্রের খবর, খুনের ঘটনায় বিডিও যে সরাসরি যুক্ত, তার সপক্ষে পুলিশের হাতে একগুচ্ছ প্রমাণও উঠে এসেছে। সেগুলিও পেশ করবে পুলিশ।

Advertisement

গত ২৮ অক্টোবর স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে সল্টলেক থেকে অপহরণ করা হয়। ওইদিনই তাঁকে খুন করা হয় নিউটাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে। ২৯ অক্টোবর নিউটাউনে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ওই ঘটনায় স্বপনবাবুর পরিবারের লোকজন বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অপহরণ ও খুনের মামলা করেন। এই কাণ্ডে এখনও পর্যন্ত পাঁচজন গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে চারজনই বিডিও-ঘনিষ্ঠ বলে পরিচিত। গত ১১ নভেম্বর বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন বিডিও। তার শুনানি হয় ২৬ নভেম্বর। তাতে আগাম জামিন মঞ্জুর করে বারাসত আদালত। ২৯ নভেম্বর তিনি সল্টলেকে বিধাননগর মহকুমা আদালতে হাজির হয়ে সেই জামিন নেন।
২৬ তারিখের শুনানির দিনই সরকারি পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, এই মামলায় বিডিও যুক্ত! স্বপনবাবুকে বেল্ট দিয়ে তিনি মেরেছিলেন। এমনকি, খুনের ঘটনা ঘটিয়ে তিনি উত্তরবঙ্গে ফিরেছিলেন বিমানে চেপে। পুলিশের হাতে এসেছে একাধিক ডিজিটাল এভিডেন্স। সেগুলিও পুলিশের হাতিয়ার। ওইসঙ্গে গুরুত্বপূর্ণ ধৃতদের বয়ান। প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর বিধাননগর মহকুমা আদালতে পুলিশ জানিয়েছিল, এই মামলায় আর একজনকে গ্রেফতার করা বাকি। কিন্ত, তার নাম কী, সেদিন তা প্রকাশ করা হয়নি! হাইকোর্টে কার এজলাসে শুনানি উঠবে, তা এখনও জানা যায়নি। তবে, খুব শীঘ্রই উঠবে বলে খবর।

সম্পর্কিত সংবাদ