নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিছুটা কমার পর গত কয়েকদিন ধরেই একটু করে চড়তে শুরু করেছিল সোনার দর। বৃহস্পতিবার তা বেশ কিছুটা বেড়ে গেল একলাফে। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ২৭ হাজার ৭০০ টাকা। একদিন আগে বুধবার সেই দর ছিল ১ লক্ষ ২৪ হাজার ৭০০ টাকা। অর্থাৎ একদিনের তফাতে দাম বেড়েছে ১০ গ্রাম পিছু তিন হাজার টাকা। একই সঙ্গে একদিনের তফাতে ২,৯০০ টাকা দাম বেড়ে ২২ ক্যারেট বিশুদ্ধতার সোনা পৌঁছেছে ১ লক্ষ ২১ হাজার ৪০০ টাকায়।
তবে কলকাতায় সোনার দাম ১ লক্ষ ৩১ হাজার টাকার সীমা পেরিয়েছিল গতমাসে, অক্টোবরে। ফলে এদিন দাম বাড়লেও, তা রেকর্ড নয়, বলছে স্বর্ণশিল্প মহল। বৃহস্পতিবার দিল্লিতেও ১০ গ্রাম সোনার দাম এক লাফে তিন হাজার টাকা বেড়ে ১ লক্ষ ৩০ হাজার ৯০০ টাকায় পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা ৪৩ দিন পর আর্থিক ‘শাটডাউন’ তুলে নেওয়ায়, তার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। তার দরুন সোনার দাম আন্তর্জাতিক স্তরে বেড়ে গিয়েছে। পাশাপাশি মার্কিন সুদের হার আরও কমতে পারে, এই আশাও কিছুটা অস্থির রেখেছে বাজারকে। তার প্রভাবও রয়েছে হলুদ ধাতুর দামে।



