নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমেরিকার শুল্ক-যুদ্ধের পরিস্থিতির কোনও উন্নতি নেই। তার জন্য সোনার দরও নীচে নামার কোনও লক্ষণ নেই। কয়েকমাস ধরে বেড়েই তা চলেছে। মঙ্গলবারও একলাফে অনেকটাই বাড়ল হলুদ ধাতুর দর। কলকাতা ও দিল্লি, দু-জায়গাতেই রেকর্ড করল সোনা। উৎসবের মরশুমে এই দাম মোটেই খুশি করতে পারছে না ক্রেতা-বিক্রেতা কাউকেই। সোনার দামের সাম্প্রতিক রকেট গতির অন্যতম কারণ মার্কিন ডলারের তুলনায় টাকার দমের লাগামছাড়া পতন ও আমেরিকার এইচ ওয়ান বি ভিসা নীতি।
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ১৪ হাজার ৭৫০ টাকা। একদিনের তফাতে দাম বেড়েছে ২ হাজার ১৫০ টাকা। এর সঙ্গে ৩ শতাংশ হারে জিএসটি যোগ হবে। সোনার দরে এটাই আপাতত সর্বকালীন রেকর্ড। দিল্লিতেও এদিন একদিনের তফাতে ১০ গ্রাম পিছু সোনার দর ২ হাজার ৭০০ টাকা বেড়ে পৌঁছেছে ১ লক্ষ ১৮ হাজার ৯০০ টাকায়।
বিশেষজ্ঞরা বলছেন, একদিকে দেশীয় বাজারে উৎসবের মুখে সোনার চাহিদা একটু হলেও বেড়েছে। তবে দামবৃদ্ধির মূল কাণ্ডারি আন্তর্জাতিক পরিস্থিতি। বিশেষজ্ঞদের কথায়, আমেরিকার শুল্কযুদ্ধ না-থামা আন্তর্জাতিক স্তরে লগ্নিকারীদের স্বস্তি দিচ্ছে না। সেই কারণেই তুলনামূলক নির্ভরযোগ্য বিনিয়োগ হিসেবে তাঁরা লগ্নি করছেন সোনায়। তার ফলেই সোনার চাহিদা বাড়ছে। এদিকে ডলারের নিরিখে টাকার দরের পতন অব্যাহত। এক মার্কিন ডলার পিছু টাকার দাম ৪৭ পয়সা কমে ৮৮ টাকা ৭৫ পয়সায় এসে ঠেকেছে। এই পতনও সর্বকালীন রেকর্ড। অন্যদিকে, মার্কিন ভিসা নীতি যেমন নতুন করে আন্তর্জাতিক স্তরে অস্থিরতার সৃষ্টি করেছে, তেমনই তথ্য-প্রযুক্তি শিল্পে রপ্তানি মার খাওয়ার একটা আশঙ্কাও করা হচ্ছে।