নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ ডিসেম্বর কলকাতায় সোনার দাম ১ লক্ষ ৩৪ হাজার ৪৫০ টাকায় পৌঁছেছিল। সেটাই ছিল শহরের সর্বোচ্চ সোনার দর। সোমবার ২২ ডিসেম্বর সেই দরকেও টপকে গেল সোনা! ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এদিন কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দর যায় ১ লক্ষ ৩৪ হাজার ৬৫০ টাকা। এই দর গত শনিবার ছিল ১ লক্ষ ৩৩ হাজার টাকা। রবিবার সোনা-রুপোর পাইকারি বাজার বন্ধ থাকার পর, সোমবারই তা ১ হাজার ৬৫০ টাকা বেড়ে যায়। পাল্লা দিয়ে বেড়েছে ২২ ক্যারেট গয়নার সোনাও। এদিন এই বিশুদ্ধতার সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ২৭ হাজার ৯৫০ টাকা। শনিবারের তুলনায় দর বেড়েছে দেড় হাজার টাকা। দিল্লিতে এদিন ২৪ ক্যারেট সোনার সর্বোচ্চ দর পৌঁছেছে ১ লক্ষ ৩৮ হাজার ২০০ টাকায়। সোনার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দরও। শহরে এদিন এক কিলো খুচরো রুপোর দাম ছিল ২ লক্ষ ৮ হাজার ৮০০ টাকা। শনিবারের তুলনায় দাম বেড়েছে চার হাজার টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, সোনার দামবৃদ্ধিতে কয়েকমাস ধরে প্রধান ভূমিকা নিয়েছে আমেরিকা। এদিনও তার ব্যতিক্রম হয়নি। যুক্তরাষ্ট্রে সুদের হার হ্রাস বিশ্বজুড়েই আর্থিক অনিশ্চয়তা তৈরি করেছে। তার ফলে তুলনামূলক কম ঝুঁকির লগ্নি হিসেবে বিনিয়োগকারীদের মধ্যে সোনা ক্রয়ের আগ্রহ বাড়ছে। চাহিদা বৃদ্ধির কারণে দাম বাড়ছে সোনার। বিশেষজ্ঞদের আশঙ্কা, মার্কিন ডলার দুর্বল হওয়া এবং আগামী দিনে সেদেশের অর্থনীতি নেতিবাচক হওয়ার আশঙ্কা, সোনার দামে দীর্ঘমেয়াদি প্রভাব বিস্তার করতে চলেছে। অর্থাৎ সোনার দাম আগামী দিনগুলিতেও বিশেষ কমবে না বলেই ইঙ্গিত করছেন তাঁরা। অন্যদিকে, রুপোর দামবৃদ্ধির কারণ যেমন আমেরিকার অর্থনীতি, তেমনই শিল্পক্ষেত্রে, বিশেষত উৎপাদন শিল্পে রুপোর চাহিদা বৃদ্ধি সাদা ধাতুর দামকে টেনে তুলছে। বিশেষজ্ঞদের কথায়, বাজারে যে পরিমাণ রুপোর চাহিদা আছে, সেই তুলনায় খনি থেকে রুপো উত্তোলন হচ্ছে না। চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্যের অভাব রুপোর দামবৃদ্ধির অন্যতম কারণ বলে তাঁরা জানাচ্ছেন।